আইসিসি টেস্ট র্যাংকিং

অবস্থান শক্ত করলেন কোহলি

ভারত দ্বিতীয় টেস্টে হেরে গেছে। কিন্তু বিরাট কোহলির রানবন্যার কোনো থামাথামি নেই। পার্থে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন। আর তার পুরস্কার পেয়েছেন। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে আগে থেকেই এক নম্বরে থাকা কোহলির রেটিং পয়েন্ট আরও বেড়েছে।

ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের এক ও দুই নম্বরে নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন কোহলি ও কেন উইলিয়ামসন। এ ছাড়া টম লাথাম, অ্যাঞ্জোলো ম্যাথুস ও নাথান লিওনের দারুণ উন্নতি হয়েছে র্যাংকিংয়ে। বাংলাদেশের এই সময়কালে কোনো টেস্ট ছিল না। তাই তেমন একটা প্রভাব পড়েনি র্যাংকিংয়ে। বোলারদের তালিকায় আগের মতোই ১৭ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। এক ধাপ এগিয়ে ২০ নম্বরে এসেছেন সাকিব আল হাসান। আর অলরাউন্ডারদের তালিকায় যথারীতি এক নম্বরে আছেন সাকিব। ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে থাকা কোহলি পার্থে তার ১২৩ রানের ইনিংসের কল্যাণে আরও ১৪ পয়েন্ট এগিয়েছেন। এখন তার রেটিং পয়েন্ট ৯৩৪। তিনি ১৯ পয়েন্ট এগিয়ে আছেন কেন উইলিয়ামসনের চেয়ে। দুই অধিনায়কের প্রতিযোগিতা বেশ চলছে।

দুই নম্বরে থাকা উইলিয়ামসন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৯১ রানের ইনিংস খেলেছেন। এর ফলে তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯১৫। এটা উইলিয়ামসনের ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট। ইতিহাসের ২৫তম সেরা রেটিং এটা। সেই সাথে আইসিসি হল অব ফেমের সদস্য জর্জ হেডলির সর্বোচ্চ রেটিংয়ের সমান হয়েছে এখন উইলিয়ামসনের রেটিং।

নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম এবার র্যাংকিংয়ে অনেকটা এগিয়েছেন। ২৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি কেবল ম্যান অব দ্য ম্যাচই হননি। র্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২২ নম্বরে উঠে এসেছেন ল্যাথাম। নিউজিল্যান্ডেরই টিম সাউদি ওই ম্যাচে ৮ উইকেট নিয়ে এগিয়ে এসেছেন অনেকটা। ৪ ধাপ এগিয়ে এখন তিনি ১১ নম্বরে অবস্থান করছেন।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস (৮৩ ও অপরাজিত ১২০) এবং কুশল মেন্ডিস (অপরাজিত ১৪১) তাদের ম্যাচ বাঁচানো ইনিংসগুলোর পুরস্কার পেয়েছেন। ম্যাথুস ৮ ধাপ এগিয়ে ১৬তম স্থানে চলে এসেছেন। অন্যদিকে কুশল দুই ধাপ এগিয়ে ১৮তম স্থানে এসেছেন। আর শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাহিরু কুমারা ৫ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে এসেছেন।  পার্থে ম্যাচ সেরা ক্রিকেটার হওয়া নাথান লায়ন অনেক এগিয়েছেন বোলারদের তালিকায়। এই ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি ক্যারিয়ার সেরা ৭ নম্বরে এসেছেন; গত অক্টোবরেও একবার ৮ নম্বরে উঠেছিলেন লায়ন। মিশেল স্টার্ক এক ধাপ এগিয়ে ১৫ নম্বরে এসেছেন।

অন্য ব্যাটসম্যানদের মধ্যে উসমান খাজা এক ধাপ এগিয়ে ১২ নম্বরে, টিম পেইন ৯ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এবং ট্রাভিস হেড ১৬ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে এসেছেন।