স্পোর্টস রিপোর্টার
উডেন ফ্লোর জিমনেসিয়ামে গতকালকের দিনটা ছিল অনেক আনন্দের। উত্সবের। আন্তর্জাতিক ব্যাডমিন্টনের জুনিয়র লড়াইয়ে বাংলার শাটলাররা থলে ভরে পদক তুলে দিয়েছে। ২০টি পদকের মধ্যে ১৭টি পদক বাংলার শাটলারদের গলায় উঠেছে। এর মধ্যে ৫টি স্বর্ণের লড়াইয়ে ৩টি বাংলাদেশের, ৫টা রুপার পদকের মধ্যে ৪টি বাংলাদেশের ঘরে এবং ১০টি ব্রোঞ্জের মধ্যে সবগুলো বাংলাদেশের শাটলাররা তুলে নিয়েছেন।
বালক এককে বাংলাদেশের আব্দুল হামিদ লোকমান স্বদেশি সৈয়দ সিবগাত উল্লাহকে হারিয়ে স্বর্ণ পদক পেয়েছেন। বাংলাদেশিদের নিজেদের মধ্যে বালক দ্বৈতে গৌরব সিং ও মঙ্গল সিং জুটি হানিফ ও লোকমান জুটিকে হারিয়ে স্বর্ণ পদক পান। মিশ্র দ্বৈতে গৌরব ও উর্মী জুটিকে হারিয়ে স্বর্ণ জয় করেন ভারতের দুই শাটলার। বালিকা দ্বৈতের ফাইনালে বাংলাদেশের রেশমা ও উর্মী জুটি নিজেদের দেশের শাটলার রহিমা জেরিন ও ক্যামেলিয়া ইসলাম জুটিকে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। ভারতের কাছে বাংলাদেশের কোনো শাটলার পেরে ওঠেননি। বালিকা এককে স্বর্ণ জিতেছেন ভারতের তৃষা জলি। ৭ দেশের ৩২ শাটলার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উর্মীরা জানিয়েছেন, এত স্বল্প সময়ের ব্যবধানে যদি ভালো কিছু করা যায়, তাহলে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণে আরো সাফল্য পাওয়া সম্ভব।
এই টুর্নামেন্টের আগে ইউনেকস সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ টুর্নামেন্টে বড়দের সঙ্গে লড়াই করে জুনিয়র শাটলাররা প্রথম রাউন্ডে বিদায় নিলেও প্রস্তুতিটা ভালো হয়েছিল। যে কারণে জুনিয়রদের লড়াই নিজেদের মধ্যে হলেও পদক জয় বাংলাদেশের শাটলারদের বাড়তি প্রেরণা দেবে।