রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জ-৩ আসনে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ প্রেসক্লাবে বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার লিখিত বক্তব্য পাঠ করেন। সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা চরমভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পোস্টার ছিঁড়ছে, প্রচারণা বহরের গাড়ি ভাঙচুর করে কর্মী-সমর্থকদের মারপিট করছে। এছাড়াও পুলিশ বিএনপি’র সক্রিয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করাসহ বাড়ি বাড়ি চড়াও হয়ে নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করছে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রায় ৩০টি লিখিত অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাচ্ছেন না।