শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, জিয়াউর রহমান যেমন রাজাকারকে প্রধানমন্ত্রী করে রাজাকার পুনর্বাসন করেছিল, আজ তার ছেলে তারেক জিয়াও জামায়াতকে ২৫টি আসনে ধানের শীষ প্রতীক দিয়ে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কোনো কথা বলা হয়নি। এতেই বোঝা যায় তারা ক্ষমতায় গেলে ২০০১ সালে যেভাবে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল ঠিক সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াও তারা বন্ধ করে দেবে। বৃহস্পতিবার মাদবরেরচর মোল্লার হাট পথসভায় এমপি লিটন চৌধুরী এসব কথা বলেন।
মাদবরেরচর মোল্লার হাট পথসভায় বিএনপি নেতা ওমর ফারুক চৌধুরী ও যুবদলের সাধারণ সম্পাদক বজলু হাওলাদারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এ ছাড়াও একইদিন এমপি নূর-ই-আলম চৌধুরী লিটন সন্যাসিরচর, বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও পাঁচচর ইউনিয়নে ৪টি পথসভায় অংশ নেন। সন্ধ্যায় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।