শেখ তন্ময়ের পক্ষে কাগজের নৌকা দিয়ে ব্যতিক্রমধর্মী প্রচারণা

বাগেরহাট প্রতিনিধি          

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য মীর জায়েসী আশরাফী জেমস। ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছেন। তার এই প্রচারণায় ব্যবহার করা হয়েছে কাগজের তৈরী নৌকা এবং ছোট্ট একটি লিফলেট।

ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে বিতরণ করা লিফলেট থেকে জানা গেছে, ‘নিজের খাই নিজের পরি নৌকা মার্কার ভোট করি’, ‘ভোট বেচবেন, বেচেন না। ভোট বেচলে শুধু মনে রাখবেন- এর সাথে এলাকার জনগণ আর আপনার সন্তানের ভবিষ্যত্ও বিক্রি করছেন’ এবং ‘বড়লোক হাতুড়ে ডাক্তারের চাইতে গরীব এমবিবিএস ভালো, দুর্নীতিবাজ-অশিক্ষিত’র চাইতে সত্, মেধাবী নেতৃত্ব ভালো।’ এ সব কথা তুলে ধরে সত্, মেধাবী, শিক্ষিত, যোগ্য নেতৃত্বের জন্য নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়। এ সব লিফলেটের সাথে তাদের একটি করে কাগজের নৌকাও দেয়া হচ্ছে। এতে সাধারণ ভোটারদের মাঝে দারুণ কৌতুহলের সৃষ্টি হয়েছে।

বাগেরহাট জেলা জেলা যুবলীগের সদস্য মীর জায়েসী আশরাফী জেমস বলেন, বাগেরহাট-২ আসনে যে আটজন প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় সত্, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত ভাল মানুষ। শেখ পরিবারের সদস্য শেখ তন্ময় দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে আপন করে নিয়েছেন।