কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে পৌর এলাকার মৌসুমী সিনেমা হল সংলগ্ন পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পশ্চিম পাশের এক দোতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। আমিরুল ইসলাম মধ্য পাকুন্দিয়া গ্রামের মো.হারিছ মিয়ার ছেলে। সে আনোয়ারখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে সেদ্ধ ধান রোদে শুকাতে ওই ভবনের ছাদে নেয় তার পরিবার। বিকেল ৩টার দিকে আমিরুল তার পরিবারকে সহযোগিতা করার জন্য ওই ভবনের ছাদে ওঠে। ওই ভবনের ছাদের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন নেওয়া হয়। অসতর্কতাবশতঃ আমিরুল ওই মেইন লাইনের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
তাকে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছাগলনাইয়ায় খেলার মাঠে ক্রিকেট ব্যাটের আঘাতে কিশোরের মৃত্যু
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু পদ দাশ বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/নূহু