বন্দরে ড্রামের ভেতর থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের ৪দিন পর প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মোক্তার হোসেন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরান বন্দর প্রধান বাড়ি এলাকার রাস্তা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোক্তার হোসেন পুরান বন্দর গণপাড়া এলাকার মৃত আব্দুল হাশেম মিয়ার ছেলে। তিনি বন্দর বাজারে পাইকারি মাছের ব্যবসা করতেন। বন্দর থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন মৃধা জানান, গত ১৬ ডিসেম্বর রাতে একটি পুকুরের মাছ পাহারা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন মোক্তার হোসেন। পরদিন সকালে বাসায় ফিরে না আসায় বিকেলে বন্দর থানায় তার স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে নিখোঁজের জিডি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী রাস্তার পাশে ড্রাম দেখে এবং দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রাম খুলে ভেতর থেকে মোক্তার হোসেনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা মোক্তার হোসেনকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। পরবর্তীতে লাশ গুম করার জন্যই ড্রামের ভেতর ভরে ফেলে দেয়।