ছেলে হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

ছেলে তানভীর ইসলাম তুহিনকে (২১) নির্মমভাবে হত্যা মামলার আসামিদের আটক ও বিচার দাবি করেছে তার মা তাহমিনা বেগম। মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। 

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে জেলার সদরপুর উপজেলার আটরশি গ্রামের কলেজ ছাত্র তানভীর ইসলাম তুহিনকে পার্শ্ববর্তী এলাকার একটি ওরশ অনুষ্ঠান থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। 

সংবাদ সম্মেলনে তাহমিনা বেগমের পক্ষে তার বোন তাহেরা তুল বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় নিহত তুহিনের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন বেগম, মামা ও মামলার বাদী মো. ফারুক মিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পলাশবাড়ীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

লিখিত বক্তব্যে তারা জানান, গত ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যার সময় ওরশের অনুষ্ঠান থেকে ফেরার পথে আদমপুর এলাকায় বখাটে সন্ত্রাসী রিভেঞ্জসহ ১০/১৫ জনের একটি দল তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও বুকে আঘাত করে। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এই ঘটনার পর ৫ ডিসেম্বর তুহিনের মামা ফারুক মিয়া বাদী হয়ে রিভেঞ্জকে প্রধান আসামি করে ১১জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।  

পরিবারের সদস্যরা ক্ষোভ জানিয়ে উল্লেখ করেন, আজ পর্যন্ত পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি। উল্টো তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। যার ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় রয়েছি। 

ইত্তেফাক/এএএম