ইত্তেফাক রিপোর্ট
বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। আগের মহাপরিচালক শামসুজ্জামান খানের মেয়াদ শেষ হওয়ার পর তাকে তিন বছর মেয়াদের জন্য এই পদে নিয়োগ দিয়েছে সরকার। কবি হাবীবুল্লাহ সিরাজী জাতীয় কবিতা পরিষদের সভাপতি ছিলেন। তার জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৮ ফরিদপুর জেলায়। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বুয়েট থেকে উচ্চশিক্ষা লাভ করেন। লেখক স্বীকৃতি হিসেবে তিনি ২০১৬ সালে রাষ্ট্রীয় একুশে পদক পেয়েছেন। এছাড়াও, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কার, রূপসী বাংলা পুরস্কার, কবিতালাপ সাহিত্য পুরস্কার, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।