চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতিতে দরকার দক্ষ মানবসম্পদ

আলোচনা সভায় বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

চতুর্থ শিল্প বিপ্লব দেশের ব্যবসা-বাণিজ্য, পণ্য উত্পাদন ও বিপণন সর্বোপরি সামগ্রিক অর্থনীতিতে অভাবনীয় পরিবর্তন আনবে। বাংলাদেশকে এ বিপ্লবের সুবিধা আদায়ের জন্য এখনই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানব সম্পদের দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন (বিডিফোরআইআর) যৌথভাবে আয়োজিত ‘৪র্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল ডিসিসিআই ভবনে অনুষ্ঠিত এই সভায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের সময়কালে রোবটিকস, ক্লাউট টেকনোলোজি, ব্লকচেইন, থ্রিডি প্রিন্টিং, ন্যানোটেকলোজি এবং বায়োটেকনোলোজি প্রভৃতি বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পাবে এবং এ প্রযুক্তিসমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে তথ্য-প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি এ বিষয় নীতিমালা প্রণয়ন ও প্রণোদনা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  

মো. শহীদুল হক বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে সাথে সাথে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের সুযোগ সৃষ্টি হবে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন (বিডিফোরআইআর)-এর সহ-সভাপতি সৈয়দ তামজিদ উর রহমান। তিনি বলেন, এ শিল্প বিপ্লবের কারণে মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে, নতুন নতুন পণ্য উদ্ভাবিত হবে এবং উত্পাদন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের কারণে পণ্যের উত্পাদন বাড়ার পাশাপাশি পণ্যের দাম কমবে, যার মাধ্যমে সার্বিকভাবে অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে।  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির জন্য আগামী ২০ বছরের মধ্যে আমাদের দেশের কর্মক্ষম প্রায় সাড়ে সাত কোটি মানুষকে পুনঃপ্রশিক্ষণ প্রদান করতে হবে এবং আরো দুই কোটি মানুষকে নতুন উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে।