শরীয়তপুর জেলা শহরের ঋষিপাড়া এলাকার কালি মন্দিরের ছয়টি প্রতিমা ভাংচুর করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। প্রতিমা ভাংচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
বৃহস্পতিবার ভোরে পূজারিরা মন্দিরে গিয়ে প্রতিমা ভাংচুর দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঋষিপাড়া কালি মন্দিরে ছুটে আসেন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন অপু, পুলিশ সুপার আব্দুল মোমেন, সহকারী পুলিশ সুপার কামরুল হাসান, সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি, হিন্দু মহাজোটের শরীয়তপুর জেলার যুগ্ম আহ্বায়ক হেমন্ত দাস।
ঋষিপাড়া কালি মন্দিরের সাধারণ সম্পাদক রনজিত্ ঋষিদাস বলেন, ‘ছয়টি প্রতিমা ভাংচুর করা হয়েছে। প্রতিমাগুলো ভাংচুর করে মন্দিরের ভেতর ও বারান্দায় ফেলে রাখা হয়েছে। দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুরের আগে মন্দিরের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে। আমরা খুব উদ্বিগ্ন।’