নির্বাচনী প্রচারণার সময় গতকাল বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রচার ক্যাম্পে বোমা হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রূপগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। দেশের কয়েকটি স্থান থেকে আরো অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি জায়গায় নৌকার প্রচার অফিসে বোমা হামলা ও আগুন দেয়া হয়েছে। জীবননগর ও চাটমোহরে নৌকার প্রচার মিছিলে চালানো হয়েছে বোমা হামলা। কিছু জায়গায় ধানের শীষের প্রচার অফিসেও ভাঙচুরের পাশাপাশি আগুন দেয়া হয়েছে।
রূপগঞ্জে আহত ১২
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের টাওরা এলাকায় গত বুধবার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় লুটপাট হয়েছে ১৪/১৫ লাখ টাকার মালামাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় আবু তালেব বাদী হয়ে ৩৫ জনকে নামীয় ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
চাটমোহরে নৌকার মিছিলে ককটেল বিস্ফোরণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, বুধবার রাত ৮টার দিকে নৌকার পক্ষে যুবলীগ নেতা-কর্মীরা মিছিল বের করলে মিছিলে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ভাঙচুর করা হয় উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের বাসভবনের সামনের ধানের শীষের নির্বাচনী অফিস। এরপর রাত ১০টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মাদ্রাসা মোড়ে বিএনপির নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
নৌকার ২টি নির্বাচনী
অফিসে হামলা
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের দুইটি নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর ও উপজেলার কাবিলপুর ইউনিয়নের খাজুরতলা এলাকায় এসব ঘটনা ঘটে।
বাগেরহাটে নৌকার ক্যাম্পে আগুন
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সোতাল গ্রামের ওই নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ফুলবাড়ীয়ায় নৌকার ২ ক্যাম্পে আগুন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর বাজারে বুধবার রাত ১১ টার দিকে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ঐ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল হোসেনের মোটর সাইকেল পুড়ে যায়। অপর দিকে বুধবার দিনগত গভীর রাতে একদল দুর্বৃত্ত রাজঘাট বাজারের আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন জালিয়ে দেয়।
কুলাউড়ায় নৌকার ২ ক্যাম্পে আগুন
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, গতকাল ১৯ ডিসেম্বর রাত ১০টায় মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের মহাজোটের নৌকা মার্কার প্রার্থী এমএম শাহীনের ২টি নির্বাচনী কার্যালয় দুর্বৃত্তরা ভাংচুর ও আগুন দিয়েছে। উপজেলার ভুকসিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজার প্রচার অফিস ও হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারের প্রচার অফিসে আগুন দেয়া হয়।
কমলগঞ্জে আতঙ্কে বিএনপি কর্মীরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের বিএনপি’র নেতাকর্মীরা আতঙ্কে দিনযাপন করছেন। গত দু’দিনে মামলার অভিযোগ দেখিয়ে পুলিশ ছাত্রদলসহ বিএনপির চারজনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে।
কমলগঞ্জে নৌকার প্রচারে বাধা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে রিকশাযোগে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের প্রচারণার সময় প্রচার কর্মীদের ওপর হামলা চালিয়ে আগুন লাগিয়ে রিকশা পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
কাহালু’র বিএনপি’র নির্বাচনী
ক্যাম্পে ভাংচুর
কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়া’র কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম চারমাথায় বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে গত বুধবার গভীর রাতে হামলা করে ভিতরের টেবিল, চেয়ার ও টিভি ভাঙচুর করা হয়েছে।
বাকেরগঞ্জে বিএনপির প্রচার অফিস ভাঙচুর
বরিশাল অফিস জানায়, বরিশালের বাকেরগঞ্জে ৫টি ইউনিয়নে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে মহাজোটের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার ও বৃহস্পতিবার এসব কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বুধবারের ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও বৃহস্পতিবারে কেউ আহত হয়নি বলে জানা গেছে। বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মহাজোট সমর্থিত লাঙল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রতনা’র অনুসারীরা বাকেরগঞ্জের কবাই ইউনিয়নসহ দুধল ও চরামদ্দী ইউনিয়নে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এসময় তারা লুটপাটও করে। এদিকে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
মঠবাড়িয়ায় সাংবাদিক আহত
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলীর লাঙল প্রতীকের সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মো. তামিম সরদার (২৫) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের মিরুখালী টেম্পু স্টান্ড এলাকায় লাঙল প্রতীকের একদল সমর্থক তার ওপর সশস্ত্র হামলা চালায়। আহত সাংবাদিক তামিমকে গুরুতর অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জীবননগরে নৌকার নির্বাচনী মিছিলে বোমা
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী মিছিলে বোমা হামলা চালানো হয়েছে। বোমার আঘাতে আওয়ামী লীগ কর্মী রিংকু (৩২) আহত হয়েছেন।
কোটচাঁদপুরে নৌকার নির্বাচনী
অফিসে বোমা হামলা, আগুন
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাইনবোর্ড বাজারে আওয়ামী লীগের নির্বাচনী বোমা হামলা ও অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহষ্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার ( কোটচাঁদপুর সার্কেল ) মির্জা সালেহ উদ্দিন জানান, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বসে দলীয় নেতা কর্মীরা আলাপ আলোচনা করছিল।