তিন দিন বৃষ্টির পর গত বুধবার থেকে শিবালয় উপজেলার সর্বত্র ও পার্শ্ববর্তী এলাকায় শীতের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পদ্মা-যমুনা তীরবর্তী দুর্গম চর ও নদী সিকস্তি এলাকার বাসিন্দারা শীতে বেশি আক্রান্ত হচ্ছে। শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধির ফলে বিশেষ করে নারী-শিশুরা সর্দি-জ্বর, কাশি, ডায়রিয়া, চর্মরোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। চিকিত্সকরা জানান, এ ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ ও সাবধানতা অবলম্বন বেশি প্রয়োজন। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এ জাতীয় রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিকে তীব্র শীতের কারণে নির্বাচনী প্রচারণায় সমস্যায় পড়তে হচ্ছে প্রার্থী ও তাদের কর্মীদের। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানায়, হাট-বাজারে শীত বস্ত্র ক্রয়-বিক্রয় বেড়েছে। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি, লঞ্চ, নৌকা চলাচল ব্যাহত হয়। এতে পাটুরিয়া ঘাটে ফেরি পারের জন্য আসা পণ্যবাহী ট্রাকসহ যানবাহনের যাত্রী-চালকরা সমস্যায় পড়েন।