স্বপ্নের দেশ গড়তে মুক্তিযুদ্ধের পক্ষকে ভোট দেওয়ার আহ্বান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। বক্তারা বলেন, নির্বাচনে কোনো ব্যক্তি বা দলকে নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হলেই মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও নির্বাচন ২০১৮’ শীর্ষক তারুণ্যের সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এই সংলাপের আয়োজন করে। সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব ও কয়েক শতাধিক তরুণ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, আজকের বাংলাদেশ কিছু মানুষের অবদান। তাদের কথা চিন্তা করেই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কোন পথে যাবে। শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। 

অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ঐক্যফ্রন্ট তাদের ইশতেহারে রাষ্ট্র মেরামতের কথা বলেছে। কিন্তু কাদেরকে নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে? যারা ’৭৫ এর পর থেকে বাংলাদেশকে ধ্বংস করেছে, তারা হবে মেরামতকারী। এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য।

কে এম শফিউল্লাহ তরুণদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার জন্য বিজয়ী শক্তিকে জয়ী করতে হবে।