থেরেসা মেকে ‘স্টুপিড’ বলার অভিযোগ বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রশ্নোত্তর পর্ব চলার সময় লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাকে ‘স্টুপিড মহিলা’ বলেছেন বলে অভিযোগ উঠেছে। এ কথা বলার জন্য কনজারভেটিভ এমপিরা তাকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। তবে করবিন বলছেন, তিনি এরকম কোন শব্দ বলেননি। তিনি বলেছেন, ‘স্টুপিড পিপল’।

এই অভিযোগ ওঠার পর হাউজ অফ কমন্সের স্পিকার জন বারকো বলছেন, ঘটনাটি তিনি শুনতে পাননি। তবে কনজারভেটিভ এমপিরা বলছেন, তারা করবিনের ব্যাখ্যায় সন্তুষ্ট নন এবং তাকে ক্ষমতা চাইতে হবে। কমন্সে দেওয়া বক্তব্যে বিরোধী দলীয় নেতা করবিন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় আমি স্টুপিড পিপল উল্লেখ করে তাদের কথাই বলছিলাম, যারা দেশের এই সংকট নিয়ে চলা একটি বিতর্ককে কৌতুকে পরিণত করতে চাইছে। আমি প্রধানমন্ত্রী বা অন্য কাউকে উদ্দেশ্য করে এই শব্দ ব্যবহার করিনি।’-বিবিসি