'সোলাইমানি বেঁচে থাকলে ভয়াবহ হামলা চালাতো'   

জেনারেল কাসেম সোলাইমানি কবে, কোথায় হামলা চালাতো তা সঠিকভাবে জানতো না আমেরিকা। তবে সোলাইমানি আসন্ন হামলার পরিকল্পনা সত্য ছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা বলেছেন।  

বৃহস্পতিবার মাইক পম্পেও ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, কাসেম সোলাইমানি শিগগিরই এক ভয়াবহ হামলা চালাতে পারেন এমন পরিকল্পনা করেছিলেন, এনিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমরা সঠিকভাবে জানতাম না সেটা কবে কোথায় চালানো হত, কিন্তু সেই হামলা চালানোর পরিকল্পনা সত্য ছিল।  

গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। এনিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইতিমধ্যে ইরাকে দুই মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।   

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সোলাইমানি বিশ্বের এক নম্বর সন্ত্রাসী। তার কারণে হাজার হাজার মানুষকে প্রাণ হারাতে হয়েছে।

এছাড়া ট্রাম্পও বলেন, সোলাইমানি মার্কিন কূটনীতিক ও আমেরিকানদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। আল জাজিরা, ইন্ডিপেন্ডেন্ট। 

ইত্তেফাক/এসআর