নির্বাচনী প্রচারের পাশাপাশি, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে তরুণ ভোটারদের নিয়ে সাইকেল শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকাল ৯টায় দিনাজপুরের বোচাগঞ্জে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে বাইসাইকেল যাত্রা কর্মসূচির উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এ সময় তিনি নিজেও নতুন প্রজন্মের ভোটারদের সঙ্গে বাইসাইকেল যাত্রা কর্মসূচিতে অংশ নেন। সকালে সেতাবগঞ্জ বড় মাঠ থেকে র্যালিটি হাট মাধবপুর ও দৌলা বালিহাড়া হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বড় মাঠে ফিরে আসে। ব্যতিক্রমী এই বাইসাইকেল র্যালিটি নতুন প্রজন্মের ভোটারদের কাছে উৎসবে পরিণত হয়।
রাস্তার দুইপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনগণ করতালি ও হাত নাড়িয়ে র্যালিটিকে স্বাগত জানায়। র্যালির উদ্বোধনের সময় তিনি বলেন, এটা শুধু নির্বাচনী বাইসাইকেল যাত্রা নয়, এটি বাল্যবিয়ে প্রতিরোধসহ সামাজিক অবক্ষয়কে দূরে রেখে গণজাগরণ তৈরি করতেই আজকের এই আয়োজন। ভোটের মাঠের ব্যাতিক্রমী এ আয়োজন সাড়া ফেলেছে দেশজুড়ে।
আরও পড়ুন: বাংলাদেশি ১৫ অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, যুগ্ম-সম্পাদক এটিএম মামুন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, শামীম আজাদ, সুব্রত কুমার অধিকার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই