কেশবপুরে যুবলীগ কর্মীর ওপর হামলা

যশোরের কেশবপুরে নৌকা প্রতীকের নির্বাচনী সভা থেকে ফেরার পথে শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের হামলায় রাজীব খান নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা পিটিয়ে তার হাত, পা ভেঙ্গে দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ৭ নং মধ্যকুল ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খানের ছেলে পৌর যুবলীগ কর্মী রাজীব খান শুক্রবার সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের সঙ্গে বিষ্ণুপুর এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগে গিয়েছিলেন। দুপুরের দিকে সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে পৌরসভার বাজিতপুর ওয়ার্ড এলাকায় তার ওপর হামলা করা হয়। এ সময় দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে তার বাম পা ও বাম হাত ভেঙ্গে দেয়। এ ছাড়া তার মাথা ও ডান হাতে জখম হয়। রাজীব খান সার্বক্ষণিক কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সঙ্গে থাকেন এবং মেয়রকে মোটরসাইকেলে নিয়ে নিয়ে গণসংযোগ করেন। তবে এ সময় মেয়র তার সঙ্গে ছিলেন না।

চিকিৎসাধীন রাজীব খান জানান, 'তিনি নৌকা মার্কার গণসংযোগ করে শহরে ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।'

রাজীব খানের বাবা মিজানুর রহমান খান বলেন, 'এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।'

ইত্তেফাক/নূহু