বগুড়া-৩: প্রার্থিতা ফিরে পেলেন মাছুদা মোমিন

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ধানের শীষের প্রার্থী শূন্য হয়ে পড়ে বিকল্প প্রার্থীর খোঁজে নেমেছিল বিএনপি। কিন্তু অনেক জল ঘোলা করার পরে এই আসনে উচ্চ আদালত বিএনপির প্রার্থী হিসেবে মাছুমা মোমিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে। অনেক নাটকীয়তার পর অবশেষে প্রার্থিতা ফিরে পাওয়ায় বিএনপির নেতাকর্মীরা আবারো উজ্জীবিত হয়ে মাঠে নেমে পড়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও মো. খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ মাছুদা মোমেনের নামে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাছুদা মোমিনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফেরদৌস আলম আলফা এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাছুদা মোমেনকে একই আসনে ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পাশাপাশি সেখানে তার স্বামী আব্দুল মোমিন তালুকদার খোকা এবং দেবর আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদারকেও মনোনয়ন দেওয়া হয়েছিলো। তবে উপজেলা পরিষদ চেয়ামর‌্যান পদ থেকে পদত্যাগ না করায় গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। অন্য দুই প্রার্থীর মধ্যে সাবেক সাংসদ আব্দুল মোমেন তালুকদার খোকা গত ৯ ডিসেম্বর তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ওই একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে মাছুদা মোমেনকে দলের চূড়ান্ত প্রার্থী জানিয়ে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধও করেন।

আরো পড়ুন: তরুণদের সাথে নিয়ে সুন্দর সম্ভাবনাময় দেশ গড়েতে চাই: শেখ তন্ময়

তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর হাইকোর্ট মাছুদা মোমেনের দেবর আব্দুল মোহিত তালুকদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়। এরপর বিএনপির পক্ষ থেকেও প্রার্থিতা পরিবর্তন করে আব্দুল মোহিত তালুকদারকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে আবার তাকে ধানের শীষ প্রতীক দিতে বলা হয়। সেই অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোহিত তালুকদারকে ধানের শীষ প্রতীক বরাদ্দও দেন।

তবে আব্দুল মোহিত তালুকদারের প্রার্থিতা বহালের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে শুনানি শেষে গত ১৭ ডিসেম্বর আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন। ফলে আব্দুল মোহিত তালুকদারের প্রার্থিতাও আটকে যায়। এর পর পরই মাছুদা মোমেন তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন।

ঢাকায় অবস্থানরত মাছুদা মোমেন জানান, প্রার্থিতা ফিরে পেয়ে তিনি সন্তুষ্ট। এ আসনে ধানের শীষের কোন প্রার্থী ছিল না। আদালতের রায়ের মাধ্যমে সেই শূন্যতা কেটে গেছে। প্রতীক বরাদ্দ পেলেই আমি গণসংযোগে নামবো।

উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রার্থিতা শূন্য হয়ে গেলে বিকল্প প্রার্থী খোঁজার চেষ্টা করা হচ্ছিল। একজন স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির প্রার্থী করার চিন্তাভাবনা নেওয়া হয়েছিল। তার আগেই এই আসনে ধানের শীষের প্রার্থী মাছুদা মোমেন আদালতের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পান।

ইত্তেফাক/বিএএফ