ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমানের নির্বাচনী প্রচারণার সময় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুসাসহ আহত হয়েছে কমপক্ষে ৫ জন। সংঘর্ষের ঘটনায় নির্বাচনী সভা পণ্ড হয়ে গেছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ওই যুবলীগ নেতাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরো পড়ুন: গাংনীতে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার
আলোচনা সভার শুরুর পূর্বে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুসাসহ যুবলীগের নেতাকর্মীরা নির্বাচনী মিছিল নিয়ে আলোচনা সভায় যোগ দিচ্ছিলেন। এ সময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের লোকজন ও মুসার লোকজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে যুবলীগ নেতা মুসা, আনোয়ারসহ আহত হয় ৫ জন। পরে আলোচনা সভা শেষ না করেই আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমান আহত নেতাকর্মীদের নিয়ে চিকিৎসার জন্য তার মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ ঘটনায় ওই এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খান বলেন, দলের ভিতর অভ্যন্তরীণ কোন্দোলের জের ধরে মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/বিএএফ