কুকুরের মতো গুলি করে মারার হুমকি, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য: বাবুল সুপ্রিয়

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বেফাঁস মন্তব্য ও বিতর্ক চলছেই। এবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সিএএ নিয়ে বেফাঁস মন্তব্য করে নিজ দলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র তোপের মুখে পড়েছেন। রবিবার পশ্চিমবঙ্গের সিএএ বিরোধীদের গুলি করে মারার হুমকি দেওয়ার পর সোমবার এক টুইট বার্তায় তার বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।

নাগরিকত্ব আইন পাশের পর থেকেই ভারতের পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, যা এখনও চলছে। এতে নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মমতার সমালোচনা করে এক জনসভায় দিলীপ ঘোষ বলেন, ‘যারা হিংসা ছড়িয়েছে, সম্পত্তি নষ্ট করেছে আসাম, উত্তর প্রদেশ, কর্ণাটকে আমাদের সরকার তাদের কুকুরের মতো গুলি করে মেরেছে। তুলে নিয়ে গিয়ে মামলা দিয়েছে। এখানে আসবে, খাবে, আর এখানকার সম্পত্তি নষ্ট করবে? জমিদারি পেয়েছ নাকি? গুলিও করব, লাঠি মারব, জেলে ঢুকিয়ে দেব। আর তাই করেছে আমাদের সরকার।’   
 

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনায় মুখে পড়েছে বিজেপি। এমনকি সমালোচনা করেছেন বিজেপির ঘরের লোক আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। 

আরও পড়ুন: মন্ত্রী ও এমপিদের প্রচার নিষিদ্ধে পরিপত্র চায় মাহবুব তালুকদার

এ প্রসঙ্গে সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘দিলীপ ঘোষ যা বলেছেন, তা বিজেপির বক্তব্য নয়। এটা একেবারেই তার কল্পনাপ্রসূত। আর আসাম ও উত্তর প্রদেশে কখনও কোনও কারণেই মানুষের উপর গুলি চালানো হয়নি। দিলীপ দা খুবই দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’

ইত্তেফাক/এসইউ