লামায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

বান্দরবানের লামা উপজেলায় মহরম আলী (২৮) নামক এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার লামা উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দুর্গম ঘিলা পাড়া হতে তাকে অপহরণ করা হয়।

মহরম আলী সদর ইউনিয়নের বৈল্ল্যারচর পাড়ার মৃত হাসান আলীর ছেলে।

অপহৃত মহরম আলীর স্ত্রী ছফুরা বেগম বলেন, আমার স্বামী ইউনিয়নের দুর্গম ঘিলা পাড়া, পোপা হেডম্যান পাড়া, দোছড়ি পাড়া ও বদলা পাড়া হতে আদা, হলুদ, মরিচ, কলা ও বাঁশ ক্রয় করে বাজারে এনে বিক্রি করত। গত বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার সাথে আমার মোবাইলে কথা হয়েছিল। তারপর থেকে আর কোন যোগাযোগ নেই। শুক্রবার দুপুরে একটি অজ্ঞাত নাম্বার (০১৮৮১ ৩১৯০৫০) হতে আমার মুঠোফোনে (০১৩০৭ ৮৯৬১৮৭) কল করে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দারি করে দুর্বৃত্তরা। আমার স্বামীকে উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করছি।

আরো পড়ুন: আশুলিয়ায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫, নির্বাচনী সভা পণ্ড

সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, কয়েকদিন পর পর সন্ত্রাসীদের এই ধরনের অপরহরণ ও হামলার কারণে জন মনে যথেষ্ট উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলটি উপজেলা সদর হতে প্রায় ২২ কিলোমিটার পূর্ব-উত্তরে অবস্থিত। স্থানটি অনেক দুর্গম। আমরা এমন একটি কথা শুনেছি। মহরম আলীকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

ইত্তেফাক/বিএএফ