বল টেম্পারিং ইস্যু নিয়ে অবশেষে খোলামেলা আলাপ করলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। স্মিথ জানিয়েছেন, টিম হোটেলে তার ঘরেই এই ন্যক্কারজনক কাজের পরিকল্পনা হয়। এটাও অস্বীকার করেননি যে তিনি চাইলেই থামাতে পারতেন বল টেম্পারিংয়ের লজ্জা।
অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বল-টেম্পারিং নিয়ে কথা বলেন স্মিথ। তিনি জানান, ‘বল টেম্পারিংয়ের পরিকল্পনা আমার রুমেই হয়েছিল। ইচ্ছা করলেই আমি এই খারাপ কাজটি থামাতে পারতেন। কিন্তু কেন পারলাম না, জানি না। আমি ব্যর্থ হয়েছি। তাই এমন কুিসত কাজের পুরো দায় আমার কাঁধেই নিয়েছি।’
গেল মার্চে নিষিদ্ধ হবার পর বল-টেম্পারিং-এর আসল ঘটনাটি খোলাসা করেননি স্মিথ-ওয়ার্নার বা বেনক্রফট। যতবারই সংবাদ সম্মেলনে এসেছেন, ততবারই নিজেদের ভুল স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
কিন্তু বল টেম্পারিং-এর নয় মাস পর ঐ ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্মিথ। হোটেলে স্মিথের রুমেই বল টেম্পারিং নিয়ে মূল পরিকল্পনা হয় বলে বোমা ফাটালেন তিনি। স্মিথ বলেন, ‘আমি পরিকল্পনাটা দেখেছি এবং বুঝেছিলামও যে কি হতে যাচ্ছে। কারণ পরিকল্পনাটি আমার রুমেই হয়েছে। আমার ভুল ছিল, যে আমি তা দেখেও তাদের থামাইনি। তখন যদি আমি তাদের এসব করা থেকে বিরত রাখতাম, তাহলে হয়তো ঘটনাটি অন্যরকমও হতে পারতো। চাইলেই আমি বল-টেম্পারিং পরিকল্পনা থামাতে পারতাম, কিন্তু করিনি। এটাই আমার ব্যর্থতা ছিল।’
বল-টেম্পারিং-এর জন্য শাস্তি পাওয়ার পর কঠিন সময় পার করেছেন বলেও জানান স্মিথ। তবে খারাপ সময়ে প্রিয় মানুষের সমর্থন পেয়েছেন তিনি। যা নিজেকে শক্ত থাকতে বড় কাজে দিয়েছে বলেন জানান স্মিথ, ‘ওই ঘটনার পর অনেক কঠিন সময় গিয়েছে আমার। অন্ধকারাচ্ছন্ন দিন কাটিয়েছি আমি। তখন বিছানা থেকে উঠতেই ইচ্ছে করত না আমার। তবে আমি ভাগ্যবান যে, খারাপ সময়ে আমি আমার পাশে বেশ কিছু ভাল মানুষ পেয়েছি। যারা আমাকে সহায়তা করেছে এবং ভেঙে পড়তে দেয়নি। তারা আমাকে বারবার বুঝিয়েছে। আমার সাথে অনেক কথা বলেছে। তারা বুঝিয়েছে যা হয়েছে, হয়ে গেছে। এসব আর ভাবা যাবে না। কারণ এখানেই সব শেষ হয়ে যায়নি। আমাকে আবার নতুন করে শুরু করতে হবে।’
প্রিয় মানুষগুলোর সাপোর্ট পেয়ে আবারো সঠিক পথে ফিরে এসেছেন স্মিথ। এমনটা জানাতে ভুল করেননি তিনি, ‘আমি এখন মানসিকভাবে শক্ত আছি। দক্ষিণ আফ্রিকায় বল-টেম্পারিংয়ের ঐ ঘটনার পর অনেক ভেঙে পড়েছিলাম। তবে এখন আর ওইসব সমস্যা আমার মধ্যে নেই। আমি সব কাটিয়ে উঠেছি। সেসব কাটিয়ে আমি এখন ঠিক আছি, সঠিক পথেই এগিয়ে যাচ্ছি।’
ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। চার বছর আগে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন স্মিথ। নিষিদ্ধ থাকার কারণে জাতীয় দলে খেলতে পারছেন না স্মিথ। তাই এই সিরিজের দর্শক তিনি। এতে বেশ কষ্ট হচ্ছে তার। কোনোভাবেই এমন কষ্ট সহ্য করতে পারছেন না স্মিথ। মাঠে নামার জন্য তার হাত নিশপিশ করছে বলে জানান স্মিথ, ‘এই সিরিজ দেখতে কখন কখনও খুব কষ্ট হচ্ছে। আমাদের ক্রিকেটাররা যখন ভাল খেলছে না তখন মাঠে নামার জন্য আমার হাত নিশপিশ করছে। আমি কোনোভাবেই দলকে সহায়তা করতে পারছি না, এটা ভেবেই আরো যন্ত্রণা পাচ্ছি। তবে পার্থ টেস্ট দেখে আমার খুবই ভাল লাগছে। দুর্দান্ত পারফরমেন্স করে দল জয় ছিনিয়ে নিয়েছে। এজন্য আমি গর্বিত।’
স্মিথের পর অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টিম পেইন। পেইনের অধিনায়কত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘পেইনের নেতৃত্বগুন অসাধারণ। সিরিজের শুরুটা ভালো হয়নি তাদের। কিন্তু পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়িয়েছে তারা। দলটি খুবই ভালো খেলেছে।’