স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে। তবে বগুড়ায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল- প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ম্যাচটি বেশ নাটকীয়তায় ভরপুর ছিল। বৃষ্টিতে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর ম্যাচের তৃতীয় দিন পর্যন্ত দু’দলের প্রথম ইনিংস শেষ হয়নি। গতকাল চতুর্থ ও শেষ দিনে একপর্যায়ে ম্যাচে ফলাফলের সম্ভাবনাও জেগেছিল।
যেখানে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল দক্ষিণাঞ্চল। ২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ১২.১ ওভারে ৬৯ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসেছিল দলটি। ষষ্ঠ উইকেটে দলের ত্রাতার রূপে আর্বিভূত হন মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। তাদের ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটিতেই শেষ বিকালে হার এড়ালো দক্ষিণাঞ্চল। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল পাঁচ উইকেটে ১৩২ রান করতেই দু’দল ম্যাচ ড্র মেনে নেয়। গতকাল আট উইকেটে ১৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণাঞ্চল। পরে পাঁচ উইকেটে ১৫৯ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় পূর্বাঞ্চল।
শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল সকালে আরও ৩৯ রান যোগ করতেই পাঁচ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। ফজলে মাহমুদ ৬৯, তুষার ইমরান ৪০ রান করেন। পূর্বাঞ্চলের ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও তাইজুল দুটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ঝড়ো গতিতে ব্যাটিং করে পূর্বাঞ্চল। রনি তালুকদার ৩৯ বলে ৫৮, আশরাফুল ৩৭ বলে ৫৪, মুমিনুল ২২, জাকির ১৮ রান করেন। দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান তিনটি উইকেট নেন।
২৪৭ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণাঞ্চল। বিজয়ের ৩২, আল-আমিন জুনিয়রের ১৬ রানের পর দলের বিপদে হাল ধরেন মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। তাদের ব্যাটেই ম্যাচ ড্র করতে সমর্থ হয় দলটি। মেহেদী অপরাজিত ৩৯, সোহান অপরাজিত ২৩ রান করেন। পূর্বাঞ্চলের ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী দুটি করে উইকেট নেন।
রাজশাহীতে অবশ্য বিসিবি উত্তরাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। গতকাল মধ্যাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ২৯৪ রানে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সাইফ হাসান ৭৫, আব্দুল মজিদ ৫৪, মার্শাল আইয়ুব ৩৪ রান করেন। উত্তরাঞ্চলের সানজামুল ১০৩ রানে ছয়টি, সাকলাইন সজীব তিনটি করে উইকেট পান। পরে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ১১৩ রান তুলতেই দু’দল ম্যাচ ড্র মেনে নেয়। জুনায়েদ ৪৭, ফরহাদ হোসেন অপরাজিত ৩৩ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল- প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল
পূর্বাঞ্চল: ২৬২/৮ ডি. ও ১৫৯/৫ ডি., ২১.৫ ওভার (রনি তালুকদার ৫৮, আশরাফুল ৫৪, মুমিনুল ২২, জাকির হাসান ১৮; মেহেদী হাসান ৩/৬০, রাজ্জাক ১/৩১, শফিউল ১/২০)
দক্ষিণাঞ্চল: ১৭৫/৮ ডি., ৬৫ ওভার (ফজলে মাহমুদ ৬৯, তুষার ইমরান ৪০, মেহেদী হাসান ১৪*; তাইজুল ২/৩২, ফরহাদ রেজা ২/৩৪, খালেদ আহমেদ ২/৪২, আবু জায়েদ রাহী ২/৪৮)
১৩২/৫, ২৮ ওভার (বিজয় ৩২, আল-আমিন জুনিয়র ১৬, নুরুল হাসান সোহান ২৩*, মেহেদী হাসান ৩৯*; ফরহাদ রেজা ২/৩৭, আবু জায়েদ রাহী ২/৩৮, তাইজুল ১/৪১)
ফল: ম্যাচ ড্র
ম্যাচ সেরা: ফজলে মাহমুদ (দক্ষিণাঞ্চল)
বিসিবি উত্তরাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল
উত্তরাঞ্চল: ১৪৬ ও ১১৩/৩, ৩০ ওভার (জুনায়েদ ৪৭, ফরহাদ হোসেন ৩৩, মিজানুর ১৬, নাঈম ইসলাম ১০; তাইবুর রহমান ১/১২, নাজমুল শান্ত ১/১৪, আরাফাত সানি ১/৩১)
মধ্যাঞ্চল: ২৯৪, ৮৫.৫ ওভার (সাইফ হাসান ৭৫, আব্দুল মজিদ ৫৪, মার্শাল আইয়ুব ৩৪, রবিউল হক ২০, জাবিদ হোসেন ১২; সানজামুল ৬/১০৩, সাকলাইন সজীব ৩/৭৫, নাঈম ইসলাম ১/৪৫)
ফল: ম্যাচ ড্র
ম্যাচ সেরা: সানজামুল ইসলাম (উত্তরাঞ্চল)