মাঠে নামছে বার্সা-অ্যাটলেটিকোও
স্পোর্টস ডেস্ক
অন্তর্বর্তীকালীন কোচ ওলে গুনার সোলসারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড যখন আজ প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে, একই যাত্রায় লিভারপুলের লক্ষ্য বড়দিনের প্রাক্কালে শীর্ষে থাকা। লিভারপুল গত রাতেই এ লক্ষ্যে উলভারহ্যাম্পটনের মাঠে নেমেছিল।
হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হওয়া সোলসারের বিপক্ষ তার আরেক পুরনো ক্লাব কার্ডিফ সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, একই সময়ে চেলসি মুখোমুখি হবে লেস্টার সিটির।
সিরি আ’তে শিরোপাধারী জুভেন্তাস নিজেদের মাঠে লড়বে রোমার বিপক্ষে। এদিকে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিনের ছুটিতে যেতে আজ রাতে শিরোপাধারী বার্সেলোনা আতিথ্য দেবে সেল্টা ভিগোকে। বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ইংলিশ লিগে তৃতীয় হয়ে গত মৌসুম শেষ করা ম্যান ইউ এই মৌসুমের শুরু থেকে ধুঁকছে। ১৭ ম্যাচের মাত্র সাতটিতে জিতে অবস্থান করছে পয়েন্ট তালিকার ছয়ে। এরই জেরে গেল সপ্তাহে চাকরি গেছে কোচ মরিনহোর। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব বর্তেছে সাবেক ইউনাইটেড ফরোয়ার্ড ওলে গানারের কাঁধে।
সোলসার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মত মাঠে নামছে রেড ডেভিলরা। কার্ডিফ সিটির মাঠে নিজের প্রথম পরীক্ষার আগে শিষ্যদের উপভোগের মন্ত্রে উজ্জীবিত করতে চাইলেন সোলসার। নিজের প্রথম সাক্ষাত্কারে এমইউ টিভিকে তিনি বলেন,‘আমি আমার মতোই থাকবো। খেলোয়াড়দেরকে তাদের ফুটবল উপভোগ করতে সাহায্য করবো। আর সমর্থকদের আবারো দেখতে বেশ উত্সুক হয়ে আছি।’
ম্যানইউকে ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সাবেক এই ফরোয়ার্ড জানান জয়ই প্রধান লক্ষ্য থাকবে তার। সোলসারের ভাষায়,‘আমরা ফলাফলের কারবারে আছি এবং আমরা খেলায় জয়ী হতে চাই। এটাই আমার দায়িত্ব। খেলোয়াড়রা তাদের সামর্থ্য অনুযায়ী ফুটবল খেলবে, আমরা শুধু এটাই দেখতে চাই।’
লিভারপুল কাল রাতে উলভারহ্যাম্পটনের মাঠে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে না পারলে আজ রাতে ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ থাকছে শীর্ষে ফিরে আসার। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকেই অর্ধেক মৌসুম শেষ করবে কোচ পেপ গার্দিওলার দল।
এদিকে চেলসির লক্ষ্য থাকবে লেস্টারের মাঠে জয় তুলে নিয়ে টটেনহ্যামকে টপকে তৃতীয় স্থানে চলে আসার। যদিও কাল এভারটনকে হারিয়ে তৃতীয় স্থানে ফিরে আসার সুযোগ আছে টটেনহ্যামের।
রোমার মাঠে জুভেন্তাস
শিরোপাধারী জুভেন্তাস সিরি আ’তে নিজেদের মাঠে রোমার বিপক্ষে খেলবে । গেল সাত মৌসুমে তুরিনের দলটির বিপক্ষে সবচেয়ে বেশি পয়েন্ট জিতেছে রোমা। জুভেন্তাসের বিপক্ষে শেষ ১২ ম্যাচে তিনটি জয়ের বিপরীতে রোমা দু’টি ম্যাচে ড্র করেছে। পয়েন্ট তালিকার সাতে থাকা রোমার বিপক্ষেও তাই সাবধানীই থাকতে হবে জুভেন্তাসকে।
স্প্যানিশ লিগের শীর্ষে থেকে অর্ধ-মৌসুম শেষ করার লক্ষ্যে আজ রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। নিজেদের মাঠে সেল্টা ভিগোর মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এদিকে জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্যে বার্সেলোনার আরেক দল এস্পানিওলের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে উঠে আসারও সুযোগ থাকছে কোচ ডিয়েগো সিমিওনের দলের সামনে।