মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুর-৩ মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থীর লাঙ্গল প্রতীকের সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মো. তামিম সরদার গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মঠবাড়িয়ায় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল শুক্রবার বিকালে মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে শহরের শহীদ মিনারের সম্মুখে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
শেষে প্রেস ক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন— অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মজিবর রহমান মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ।
সভায় বক্তারা ইন্ডিপেনডেন্ট টিভির পিরোজপুর প্রতিনিধি তামিম সরদার পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা নির্বাচনী সকল ধরনের সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি দাবি জানান।
প্রসঙ্গত, পিরোজপুর-৩ আসনে নির্বাচনী নিউজ কভার করতে এসে বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া শহরের মিরুখালী টেম্পু স্ট্যান্ড এলাকায় লাঙল প্রতীকের উচ্ছৃঙ্খল একদল সমর্থক তার ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় আহত সাংবাদিক তামিম মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।