চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন পৌরসভায় সৌদি প্রবাসীর বাড়ির পাকা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিয়ে গাছপালা কেটে ফেলে, বসতঘর লুট এবং মহিলা ও শিশুদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের মারধরে আহত প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী রাবেয়া বেগমকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় প্রবাসী জসিম উদ্দিনের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার চরফ্যাশন থানায় অভিযুক্ত আবুল হোসেনসহ চিহ্নিত ৪ জন এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। বুধবার পৌরসভা ১নং ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রবাসী জসিম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
হামলার ঘটনায় অভিযুক্ত আবুল হোসেন কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।
এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক জানান, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।