চন্দনাইশে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলায় দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়ে গতকাল শুক্রবার গভীর রাতে আবু তাহেরের বসতঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৪নং ওর্য়াডে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন রাত ১টার সময় কয়েকজনের একটি দুর্বৃত্তের দল বাড়িতে গিয়ে আবু তাহেরকে খোঁজ করে। এ সময় তার পরিবারের লোকজন বাড়িতে নাই বললে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে আবু তাহেরের ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। তার বড় ভাই আবুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি-ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের সাথে কারো কোনো জমি-জমা সংক্রান্ত বিরোধ নেই।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বসত ঘর ভাঙচুর করার খবর পেয়েছি তবে কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও আইন শৃঙ্খলার সার্থে বিষয়টি খতিয়ে দেখা হবে।