পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত চার

 ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এ বিষয়ে খবর জানিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাগণ।

ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. মনির মিয়া (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন  আরও ৪ জন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর (গোপালগঞ্জ) : মুকসুদপুরে  পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়িকে চাপা দিয়ে উল্টিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। শুক্রবার সকাল সাড়ে ৬টায় টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুকসুদপুর উপজেলার টেকেরহাট সংলগ্ন দক্ষিণ গঙ্গারামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ছত্তার শেখ (৪০) উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত কালু শেখের ছেলে। 

গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দে দ্রুতগতির বাস চাপায় বৈশাখী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলেরপাড়া গ্রামের রমজান সরদারের মেয়ে। শুক্রবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের ওসি পারভেজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দায়ী বাসটিকে আটক করা হলেও বাসের চালক পালিয়ে গেছে।