ঈশ্বরগঞ্জে প্রার্থীদের নিয়ে সুজনের মুখোমুখি অনুষ্ঠান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ঈশ্বরগঞ্জ সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০টায় বিদ্ধেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে মুখোমুখি অনুষ্ঠানে নির্বাচনী এলাকার ছয়জন প্রার্থী উপস্থিত ছিলেন। এলাকার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলার উন্নয়নে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মহজোট প্রার্থী ফখরুল ইমাম ঐক্যফ্রন্ট প্রার্থী অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, এলডিপির প্রার্থী এমএ বাশার, এনপিপির আব্দুল আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাবিবুল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী সাইফ উদ্দিন আহমেদ মনি। অনুষ্ঠানে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ মহানগর সুজনের সাধারণ সম্পাদক আলী ইউসুফ ও ঈশ্বরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার।