কুষ্টিয়া প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেই নৌকার প্রচারণা এখন তুঙ্গে রয়েছে। আওয়ামী লীগসহ মহাজোট থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থীরা দিন-রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনেই বিজয় ধরে রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নেতা-কর্মীরা বদ্ধপরিকর। অপরদিকে বিএনপি জোটের ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রার্থীদের নেই জোরদার প্রচারণা। ফলে বিএনপি জোটসহ ঐক্যফ্রন্ট প্রার্থীরা পিছিয়ে পড়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রার্থীর সমর্থনে একাট্টা হয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী আ.ক.ম সরওয়ার জাহান বাদশার মনোনয়নকে ঘিরে দলের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হলেও পরবর্তীতে সব ভেদাভেদ ভুলে সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ ও বর্তমান এমপি রেজাউল হক চৌধুরী দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। অপরদিকে এই আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন মামলায় সম্প্রতি কারাগারে অন্তরীণ হন।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মহাজোট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নৌকা প্রতীকে লড়ছেন। তার পক্ষে দলীয় নেতা-কর্মীরা জোর তত্পরতা ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। মহাজোটের হেভিওয়েট প্রার্থী হাসানুল হক ইনু এলাকায় দিন-রাত কাজ চালিয়ে যাচ্ছেন। সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্টের নেতা আহসান হাবিব লিংকন ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লিংকনকে মনোনয়ন দেওয়ায় বিএনপিতে চরম অসন্তোষ সৃষ্টি হয়। পরবর্তীতে অসন্তোষ নিরসন হলেও লিংকনের সমর্থনে বিএনপি নেতা-কর্মীদের মাঠে নামতে দেখা যাচ্ছে না।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল হানিফ প্রচারণা ও গণসংযোগে আছেন এগিয়ে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দিন-রাত তিনি ছুটছেন প্রতিটি গ্রামে। এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারকে মাঠে নামতেই দেখা যাচ্ছে না। এছাড়া বিএনপির এই প্রার্থীর নির্বাচনী কার্যালয় কিংবা পোস্টারও চোখে পড়ছে না। প্রতীক বরাদ্দের পর তিনি প্রচারণায় নেমে বাধা, হুমকি ও একাধিকবার হামলার শিকার হন বলে জাকির হোসেন সরকার অভিযোগ করেছেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ রাজনীতিতে নতুন মুখ। তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন। তবে এই আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীও জোর প্রচারণা চালান। তবে সম্প্রতি টেলি কনফারেন্সে সহিংসতার উসকানির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা মামলা দায়ের হওয়ায় তার প্রচারণায় বেশ ভাটা পড়েছে।