নানা সমস্যায় গৌরনদী প্রাণিসম্পদ কার্যালয়ের কার্যক্রম ব্যাহত!

লোকবল স্বল্পতা ও জলাবদ্ধতাসহ নানা সমস্যার মধ্য দিয়ে চলছে গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।

জানা গেছে, এখানে ১১টি স্থায়ী পদের মধ্যে কর্মকর্তা-কর্মচারী আছেন মাত্র ছয়জন। ভেটেরেনারি সার্জন, প্রাণিসম্পদ সহকারী, ড্রেসার, অফিস সহায়ক ও নাইটগার্ডসহ পাঁচটি পদ খালি রয়েছে দীর্ঘদিন থেকে। ফলে পশু চিকিত্সা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ১৯৯০ সালে প্রতিষ্ঠিত পশু সম্পদ কার্যালয়টি সংস্কার না করায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে স্থায়ী জলাবদ্ধতার কারণে গৌরনদী প্রাণিসম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজনন উপকেন্দ্রে গত পাঁচ মাস যাবত্ গরুর প্রজনন কার্যক্রম বন্ধ রয়েছে। যে কারণে ডাকে আসা গরু নিয়ে বিপাকে পড়েছেন এলাকার লোকজন। গৌরনদী পৌর ভবন সংলগ্ন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজনন উপকেন্দ্র ও কাউসেডের সামনে হাঁটু পানি জমে আছে। আর কার্যালয়ের চারদিকেও ময়লা পানি জমে একাকার হয়ে আছে। এ অবস্থায় দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে পশু চিকিত্সা কার্যক্রম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল চন্দ্র নাগ জানান, আমার অফিসে ভেটেরেনারী সার্জনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এছাড়া অফিসের পুরো এলাকায় জলাবদ্ধতায় পরিবেশ দূষণ হচ্ছে। এতদিন অফিসে প্রবেশের সামনের রাস্তাটিও ছিল পানির নিচে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার সমস্যার কথা জানানো সত্যেও কোনো কাজ হয়নি।