অর্থাভাবে ঢাবিতে ভর্তি হতে পারছে না মোস্তাকিম

কাহালু (বগুড়া) সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষায় পাস করেও টাকার অভাবে ভর্তি হতে পারছেন না মোস্তাকিম হোসাইন। মোস্তাকিম কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামের রিপন আলীর ছেলে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাবির ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন মোস্তাকিম। কিন্তু টাকার অভাবে তার উজ্জ্বল ভবিষ্যত্ নষ্ট হতে বসেছে।  মোস্তাকিম দেওগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এইচএসসিতে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাস করেন। বাবা রিপন আলী ক্ষুদ্র মুদী ব্যবসা করতেন। হঠাত্ করে হার্টের সমস্যা হওয়ায় তার ব্যবসা বন্ধ হয়ে যায়। পরে রিপন সপরিবারে কাহালু ছেড়ে ঢাকার অদুরে গাজীপুর জেলায় গিয়ে বসবাস শুরু করেন। মোস্তাকিমের মা খাদিজা বিবি গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করে কোনো রকমে সংসার চালাচ্ছেন।

রিপন জানান, তার মেধাবী ছেলের ভর্তির টাকা এখনোও জোগাড় করতে পারেননি।

মোস্তাকিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালযে পড়ার সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছেন না। তার ভবিষ্যত্ এখন অন্ধকারে নিমজ্জিত। আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে তাকে ভর্তি হতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০ থেকে ২৫ হাজার টাকা লাগবে। কিন্তু তার দরিদ্র বাবা-মায়ের পক্ষে টাকা জোগার করা সম্ভব নয়। এ ব্যাপারে সমাজের হূদয়বান ব্যক্তিদের সহযোগীতা কামনা করেছেন মোস্তাকিম।