ফেনী-২ আসনে হেভিওয়েট দুই প্রার্থীর লড়াই!

ফেনী প্রতিনিধি

ফেনী-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী এমপি নিজাম উদ্দিন হাজারী (নৌকা), বিএনপি প্রার্থী অধ্যাপক ভি.পি জয়নাল আবেদীন (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জসিম উদ্দিন (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল করিম বেলালী (হাতপাখা) এবং জাকের পার্টির মোহাম্মদ নজরুল ইসলাম (গোলাপ ফুল) নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে মর্যাদাপূর্ণ এই আসনে হেভি ওয়েট আওয়ামী লীগের এমপি নিজাম উদ্দিন হাজারী ও বিএনপি প্রার্থী অধ্যাপক ভি.পি জয়নালের মধ্যে লড়াই হবে সমানে সমান।

এমপি নিজাম উদ্দিন হাজারী প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী নিজে ও নেতাকর্মী-সমর্থকদের নিয়ে সদর উপজেলার বারটি ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। মানুষের ধারে ধারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন।

অপরদিকে বিএনপির হেভি ওয়েট প্রার্থী অধ্যাপক ভি.পি জয়নাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর তার নেতাকর্মীদের নিয়ে ফেনী শহরের কেন্দ্রস্থলে তাকিয়া রোডে সূফী সাধক পাগলা মিয়ার মাজার জিয়ারত করে শহরে মিছিল মিটিং ও শোডাউন করার পর থেকে তাকে এবং তার দলীয় নেতাকর্মীদের মাঠে দেখা যাচ্ছে না। এছাড়াও শহরে গ্রামগঞ্জের বাজার এলাকায় তার দলের কোনো পোস্টার ও গণসংযোগ করতে দেখা যাচ্ছে না।

এছাড়া তিনটি রাজনৈতিক দলের প্রার্থীদেরও কোনো প্রকার প্রচার-প্রচারণা, গণসংযোগ করতে ও শহরে কোনো পোস্টার দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগ প্রার্থী এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ার অধিকার সকলেরই আছে। বিএনপিসহ বিভিন্ন দলের পোস্টার, ব্যানার এবং প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে তার এবং তার দলের কোনো আপত্তি থাকার প্রশ্নই উঠে না। যে কোনো সমস্যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে অবহিত করলে তিনি অবশ্যই প্রার্থীদের সর্বত্র সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান।