নিয়ামতপুরে নৌকা প্রতীকে গণসংযোগ ও পথসভা
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ-১ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার নৌকা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। বুধবার দিনব্যাপী তিনি নিয়ামতপুর উপজেলা ভাবিচা ইউনিয়ন, পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসাধারণের সাথে গণসংযোগ, মতবিনিময় পথসভা করেন। গত বৃহস্পতিবার পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়নের বারিন্দা গ্রামসহ বিভিন্ন গ্রামে জনসাধারণের সাথে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেন। এ সময় পোরশা উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী বক্তব্য রাখেন। এছাড়া নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
আ. লীগ ক্ষমতায় না আসলে দেশের
উন্নয়ন ব্যাহত হবে- এমপি শাওন
লালমোহন (ভোলা) সংবাদদাতা ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজারে এক পথসভায় এমপি শাওন এসব কথা বলেন। তিনি বলেন, মেজর হাফিজ লাশের ওপর দিয়ে অনেক রাজনীতি করেছেন। তিনি লালমোহন-তজুমদ্দিনকে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছেন। সবাই এখন শান্তি চায় । কালমা ইউনিয়ন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বজলু মৃধার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া প্রমুখ।
মোরেলগঞ্জে ওলামা মাশায়েখদের নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার ওলামা মাশায়েখবৃন্দ বাজারে গতকাল শুক্রবার সকালে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন। তারা পৌর বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছে নৌকার মার্কার লিফলেট বিতরণ করেন। এর আগে বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন মোরেলগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিবি আমেনা খাতুন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম খান-এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদারেসিন মোরেলগঞ্জ উপজেলা সভাপতি হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সোনাখালী পিকে মোহসিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন, এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম খান, জমিয়াতুল মোদারেসিন উপজেলা সহ-সভাপতি এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ, বিএসএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. অজিদুজ্জামান। সভায় শতাধিক মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-কর্মচারী মূল্যায়ন করেছে। আমাদের সম্মানিত করেছেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু নির্মাণে এ সরকারের অসামান্য অবদান। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার পক্ষে গণসংযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জ-৩ কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন শেখ রাসেল কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ বাড়ৈ। গতকাল শুক্রবার সকালে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি কলাবাড়ী ইউনিয়নের হিজলবাড়ী, রুথিয়ারপাড়, বুরুয়া, মাছপাড়া, হিজলবাড়ী মোড়, কলাবাড়ী বাসস্ট্যান্ড, রামনগর বাজারসহ ২৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন। এ সময় দলীয় নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন। রবীন্দ্রনাথ বাড়ৈ বলেন, মানবতার জননী শেখ হাসিনা আমাদের এখানকার এমপি। তিনি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ-৩ আসন থেকে সপ্তমবারের মতো এমপি হতে যাচ্ছেন। আমাদের এই প্রিয় নেত্রীকে নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজ-খবর রাখতে হয়। তার জন্য এখানের ভোটারদের কাছে ভোট চাইতে হয় না। এখানকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধু কন্যাকে ভোট দেন। তার পরেও আমরা দলীয় নেতা-কর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের প্রাণের নেত্রীর জন্য ভোট প্রার্থনা করছি। অপরদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হরষিত ওঝা দুর্জয়ের নেতৃত্বে নৌকার সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এসে একটি পথ সভায় মিলিত হয়। পথসভায় ছাত্রলীগ নেতা শংকর হালদার, শেখ সাকিব, হুমায়ুন কবির বক্তব্য রাখেন।
ইসলামপুরে স্বেচ্ছাসেবক লীগের পথসভা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে উপজেলা শাখা জেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদর ইউনিয়ন পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে নৌকা প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার দুপুরে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামেদ সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, জেলা সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা সহ-সভাপতি হাবিবুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একেএম রকিবুজ্জামান লাভলু, সেক্রেটারি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহাম্মেদ বাবু, শহর শাখা সভাপতি পারভেজ হুসাইন মিন্টু, সেক্রেটারি মোঃ সোহেল শেখ, যুবলীগ সেক্রেটারি আক্রামুজ্জামান হিরু, সাবেক সেক্রেটারি সরদার জাকিউল হক, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জিয়াউল হক জুয়েল প্রমুখ।
পাবনা-২ আসনে গান গেয়ে নৌকার পক্ষে প্রচারণা
সুজানগর (পাবনা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় পাবনা-২ সুজানগর-বেড়া আসনেও নৌকার পক্ষে গান গেয়ে প্রচারণা চালানো হচ্ছে। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির গত ১০ ডিসেম্বর দলীয় প্রতীক নৌকা পাওয়ার পর থেকে নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারণা শুরু হয়। উঠান বৈঠক, গণসংযোগ এবং সভা-সমাবেশসহ বিভিন্নভাবে ওই প্রচারণা চালানো হচ্ছে। তবে ওই সব প্রচারণার মধ্যে গান গেয়ে নৌকার পক্ষে চালানো প্রচারণা ভোটারদের সব চেয়ে বেশি দৃষ্টি আকৃষ্ট করছে। দেশের বিভিন্ন কণ্ঠশিল্পীর কণ্ঠে নৌকার পক্ষে রচিত ওই গান নির্বাচনী এলাকার রাস্তা-ঘাটে মাইক বাজিয়ে প্রচার করা হচ্ছে। প্রচারণার কাজে ব্যবহার করা হচ্ছে আটোবাইক বা সিএনজি। আটোবাইক এবং সিএনজি চালকরা দলীয় নেতা-কর্মীদের নির্দেশ অনুযায়ী বিশেষ ধরনের ওই গান বাজিয়ে প্রচারণা চালাচ্ছে। ডিজিটাল পদ্ধতির ওই প্রচারণা একদিকে ভোটারদের দৃষ্টি আকৃষ্ট করছে, অন্যদিকে প্রচারণা খরচ সাশ্রয় হচ্ছে। ফলে অধিকাংশ নির্বাচনী প্রচারণায় এখন ছন্দ মিলিয়ে গাওয়া গানই জনপ্রিয় হয়ে উঠছে।
চিতলমারী সদর ইউনিয়নে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে চিতলমারী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণ-সংযোগ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জন-সাধারণের মধ্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজার, শ্রীরামপুর, কালশিরা এলাকায় গণসংযোগ ও মিছিল করা হয়েছে। গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, জেলা পরিষদ সদস্য আলহাজ মোহন আলী বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সদস্য অ্যাডভোকেট শম্ভু নাথ রায়, ডুমুরিয়া ভোট কেন্দ্রের আহ্বায়ক হরেন্দ্রনাথ বাড়ৈ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উপাধ্যক্ষ কাওছার আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা সরদার খালেদুর রহমান টিটোসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী টিটুর পক্ষে লিফলেট বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষে কানাডা প্রবাসীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়। গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসা, মীর জেরিন জিনান এতিমখানা, জাবির ওয়াল আজগর হাফিজিয়া মাদ্রাসা, ১৪৪ নং মুনিরিয়া যুব তবলিগ কমিটি গয়হাটা শাখার প্রতিষ্ঠাতা কানাড প্রবাসী আলহাজ মীর কায়কোবাদ বাবুল গত শুক্রবার সকালে গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণসহ নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দস আলী, কায়কোবাদ বাবুলের সহধর্মিণী কানাডা প্রবাসী আফরোজা মীর মেরী, গয়হাটা বেগম খোদেজা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইব্রাহিম খান, সহ-সপুার মো. আব্দুস সামাদ আজাদী, সমাজ সেবক আলতাব হোসেন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে কায়কোবাদ বাবুল উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকারের ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনারা বাংলা গড়ার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আহসানুল ইসলাম টিটুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
মেলান্দহ-মাদারগঞ্জ আসনে মির্জা আজমের গণসংযোগ
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাট বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম বলেছেন-ভোটাররা আমার মণি। আমি চাকর হিসেবে আপনাদের আবারো সেবা করার সুযোগ চাই। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার কর্মকাণ্ডে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। সেই ধারাবাহিকতা রক্ষায় আপনারা আবারো নৌকায় ভোট দিন। তিনি ২১ ডিসেম্বর সকালে হাজরাবাড়ি পৌরসভাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন। নির্বাচনী কাজে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এ কে এম হাবিবুর রহমান চাঁন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফি সালে গেন্দ, মেলান্দহ মেয়র শফিক জাহেদী রবিন, আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, ফুলকোচা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম বাবু, শ্রমিক নেতা কৃতী ফুটবলার শহিদুজ্জামান আঙ্গুরসহ বিভিন্ন এলাকার নেতা-কর্মী ও সুধীরা উপস্থিত ছিলেন।
গৌরীপুরে নৌকার পক্ষে যুবলীগের
বিশাল কর্মী সমাবেশ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মহাজোট মনোনীত প্রার্থী নাজিম উদ্দিনকে নৌকা প্রতীকে বিজয়ী করতে গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকালে সমাবেশ শেষে গৌরীপুর পৌর শহরে নৌকার মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আজাহারুল ইসলাম, গৌরীপুর উপজেলা আওয়াম লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ শওকত ওসমান লিটন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মাহমুদুল হাসান সাতাব, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
জগন্নাথপুরে এম এ মান্নানের
গণসংযোগ ও পথসভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ এম এ মান্নান গতকাল জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। পৃথক পথসভায় নৌকার সমর্থনে নারী পুরুষদের সরব উপস্থিতিতে এবং নৌকার মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ইউনিয়ন। ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট প্রাঙ্গণে, বাউরকাপন মোড়, কেউনবাড়ি বাজার, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রীরামসি বাজারে পথসভা ও গণসংযোগ শেষে বিকেল ৪টায় মীরপুর ইউনিয়নের মীরপুর বাজারে বিশাল পথসভায় প্রতিমন্ত্রী আলহাজ এম এ মান্নান বলেন, উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে সত্ ও অভিজ্ঞ নেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আপনাদের কাঙ্ক্ষিত সেবা দিতে চাই। অতীতের ভুল-ত্রুটি ক্ষমা করে উন্নয়নের স্বার্থে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি হরমুজ আলী, সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভা মেয়র আব্দুল মনাফ, আব্দুল কাইয়ুম মশাহিদ মাহবুবুল হক শেরীন প্রমুখ।
হোমনায় হাতপাখার পথসভা
জনসভায় রূপান্তরিত
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা-২ হোমনা- তিতাস আসনের প্রার্থী ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম গতকাল শুক্রবার উপজেলার চান্দেরচর, রামকৃষ্ণপুর, আড়ালিয়াকান্দি, বাগশিতারামপুর, তেভাগিয়া, কলাগাছিয়া গ্রামসহ উপজেলার ১৫-১৬টি গ্রামে পথসভা ও গণসংযোগ করে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চান। এ সময় ইসলামী আন্দোলনের গণসংযোগ ও পথসভাগুলোতে জনসভায় রূপ নেয়। গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, হোমনা পৌর শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মানিক মিয়া, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি শহিদ উল্লাহ সওদাগর ও সেক্রেটারি মজিবুর রহমান প্রমুখ।
ঈশ্বরদীতে নৌকার পক্ষে বিশাল
নারী সমাবেশ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে নৌকার বিশাল নির্বাচনী নারী সমাবেশে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার বিকেলে মধ্য অরোণকোলা আলহাজ ক্যাম্প এলাকায় ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল মান্নান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ। প্রধান অতিথি কামরুন্নাহার বলেন, দেশে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর অবদান আজ বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত। ঈশ্বরদীতে নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নারীদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই এলাকার নারীদের ইপিজেডসহ শিল্প, কলকারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করায় ঈশ্বরদীতে নারীরা কেউ আর বেকার নেই। তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। তার কাছ থেকেই আমরা মাতৃছায়া পেয়েছি। এই ছায়াতেই ছিলাম এবং থাকব। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঈশ্বরদীর সর্বস্তরের নারীরা শরীফ সাহেবের নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবীর আলী হিরু ও কাউন্সিলর ইউসুফ আলী প্রধান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, জাহানারা খাতুন, জামিনা ইসলাম, শাহনাজ পারভীন, আঞ্জুয়ারা খাতুন, ওয়ার্ড কমিটির কোষাধ্যক্ষ আমির হোসেন, আব্দুস সাত্তার।