রাজৈরে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

রাজৈরের গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।  সংঘবদ্ধ ডাকাত দল প্রায় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত রবিবার গভীর রাতে উপজেলার উল্লাবাড়ি গ্রামে সুধাংশু ঘরামীর বাড়িতে।

পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার রাজৈর উপজেলার উল্লাবাড়ি গ্রামের সুধাংশু ঘরামী রবিবার রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাহিরে আসলে পূর্ব থেকে ওত পেতে থাকা সংঘবদ্ধ ১২ থেকে ১৫ জনের অস্ত্র ও মুখোশধারী ডাকাত দল এ সুযোগে ঘরের মধ্যে প্রবেশ করে সবাইকে অস্ত্রে মুখে জিম্মি করে লুটপাট চালায়।

এ সময় ডাকাত দল নগদ টাকাসহ প্রায় এক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে গৃহকর্তা সুধাংশু ও জ্ঞানেন্দ্রনাথ ঘরামী আর্তচিত্কার দিলে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে গৃহকর্তা সুধাংশু ঘরামী তার ছেলে শান্ত ঘরামী ও জ্ঞানেন্দ্রনাথ ঘরামী তার ছেলে সজীব ঘরামীকে মারাত্মক আহত অবস্থায় গতকাল সোমবার ভোররাতে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গৃহকর্তার চিত্কার শুনে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে মাহাবুব খান নামে এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। 

ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ডাকাতদের নাম ঠিকানা পাওয়া গেছে । তাদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।