ঢাকা-৪ আসনে মহাজোটের একক প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির (জাপা) সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে গতকাল শুক্রবার বিরাট জনসমাবেশ করেছে কদমতলী থানা আওয়ামী লীগ। ঢাকা মহাগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানা কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। তারা মহাজোট প্রার্থী বাবলার জন্য ‘লাঙ্গল’ মার্কার পক্ষে স্লোগান দেন ও ভোট চান।
সমাবেশে আবু হোসেন বাবলা বলেন, সারাদেশে মহাজোটের পক্ষে জোয়ার উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে দেশের অভূতপূর্ণ উন্নয়ন-অগ্রগতি ভোটারদের বিবেককে নাড়া দিয়েছে। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় এ আসন থেকে জয়লাভ করে শেখ হাসিনাকে বিজয়ের মালা উপহার দিব ইনশাল্লাহ। সমাবেশে আকাশ কুমার ভৌমিক বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মহাজোট প্রার্থীর পক্ষে রাত-দিন কাজ করছি। কদমতলী আওয়ামী লীগের ঘাঁটি। ৩০ ডিসেম্বরের ভোটে মানুষ স্বাধীনতার পক্ষের শক্তিকে জয়ী করার মাধ্যমে স্বাধীনতাবিরোধী চক্রকে চূড়ান্তভাবে পরাজিত করবে। সমাবেশ শেষে আকাশ কুমার ভৌমিক ও মোবারক হোসেনের নেতৃত্বে মেরাজনগর ও পূর্ব কদমতলীতে লাঙ্গলের পক্ষে বিশাল মিছিল করে স্থানীয় আওয়ামী লীগ।
এর আগে ৪৭নং ওয়ার্ডের মোহাম্মদবাগে কাউন্সিলর নাসির ভূইয়ার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাবলা। ওয়ার্ড কাউন্সিলর হেলেনা আক্তার, ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চিশতি, শ্যামপুর থানা ছাত্রলীগ সভাপতি শাকিলসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাপা নেতারাও এতে বক্তব্য রাখেন। অন্যদিকে জুরাইন, পোস্তগোলা ও আলমবাগে বাবলার পক্ষে মহিলা লীগ ও মহিলা পার্টি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বাবলা পত্নী সালমা হোসেন।