উত্তরায় গায়ে হলুদের অনুষ্ঠানে এসে লিফটে আটকা পড়ে ছিলেন ৬জন

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর উত্তরায় গায়ে হলুদের অনুষ্ঠানে এসে লিফটে আটকা পড়েছিলেন বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট চ্যানেলের ব্রডকাস্টিং জার্নালিস্ট নুরে জান্নাত মিশু (২৪), তার ২ বছরের শিশু মোঃ মাহাদ বিন হাসিবসহ একই পরিবারের ৬জন। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে লিফটে আটকা পড়া পরিবারের সবাইকে উদ্ধার করেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টর ৯ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানার উত্তরা ১৩ নম্বর সেক্টরের এই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল। এসময় বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট চ্যানেল এর রিপোর্টার মোঃ মিসবাহ হাসান উত্তরা ফায়ার স্টেশনে মোবাইলে সংবাদ দেন যে, ওই ছয়তলা বাড়ির নিচতলা থেকে উঠার সময় হঠাত্ করে লিফটটি আটকে গিয়ে সাংবাদিক পরিবার এ দুর্ঘটনায় পতিত হয়। প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও তাদেরকে উদ্ধার করতে পারেনি। তারপর সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, লিফটে নারী-পুরুষ ও শিশু বাচ্চাসহ ৬ জন আটকা পড়ে আছে। পরে অত্যাধুনিক যন্ত্র হাইড্রোলিক স্পেডার ব্যবহার করে ৬ জনকে স্বল্প সময়ে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরা হলেন-মোছাঃ নুরে জান্নাত মিশু, মোঃ মাহাদ বিন হাসিব, মোছাঃ ফাহিমা খাতুন, মোঃ সোহেল রানা, মোছাঃ নিপা আফসানা ও মোছাঃ পাখি।