বাঁশখালীতে দা বাহিনীর প্রধান বাবা-ছেলে গ্রেফতার

বাঁশখালী-কক্সবাজারের পেকুয়ার দা বাহিনীর প্রধান বাবা-ছেলেকে দুটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাত থেকে রবিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো নুরুল হুদা ওরফে পুইন্যা ডাকাত ও তার ছেলে জসিম উদ্দীন ওরফে জইস্যা ডাকাত।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের জঙ্গল পুঁইছড়ীর রিজার্ভ এলাকার গহীন পাহাড়ে তাদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের আস্তানা হতে একটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় এলজি, চার রাউন্ড কার্তুজসহ ডাকাতিতে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ ১৮টির অধিক মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা গেছে।

গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে ওসি মো. কামাল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।