আমার ভোট আমি মুুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দেবো:শাহরিয়ার কবির

গাইবান্ধা প্রতিনিধি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘আমার ভোট আমি যাকে খুশি তাকে নয়, আমার ভোট আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দেবো। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা। তাই মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা আরও বেগবান করতে হবে।’

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার গাইবান্ধায় ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় শাহরিয়ার কবির প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় সংখ্যালঘুদের টার্গেট করা হয়। দল জিতলে কিংবা হারলে উভয় ক্ষেত্রেই তাদের প্রতি অত্যাচার নির্যাতন নেমে আসে। এবারের নির্বাচনে সাম্প্রদায়িক সহিংসতা ও সন্ত্রাস আর বরদাস্ত করা হবে না।

স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গাইবান্ধা জেলা শাখা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র যৌথভাবে এই সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।

বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য পূর্ণিমা শীল, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ আবদুল্যাহ হারুন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল, জেলা জাসদ সহ-সভাপতি জিয়াউল হক জনি প্রমুখ। শেষে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।