কাতালানে স্বাধীনতাপন্থিদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

স্পেনের মন্ত্রিসভা শুক্রবার কাতালোনিয়ায় বৈঠক করায় বিক্ষোভকারীরা সেখানকার একটি প্রধান মহাসড়ক এবং অঞ্চলটির বেশ কিছু সড়ক অবরোধ করেন। এর ফলে প্রাদেশিক রাজধানীতে যানবাহনের আসা-যাওয়া বাধাগ্রস্ত হয়।

স্পেনের মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক সাধারণত মাদ্রিদে অনুষ্ঠিত হয়। কিন্তু স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবার তা কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় অনুষ্ঠিত হবে বলে জানান। বৈঠক নিয়ে বার্সেলোনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরদিকে স্বাধীনতাপন্থি রাজনৈতিক দল ও গ্রুপগুলো শুক্রবার নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করার ঘোষণা দেয়। রাজনৈতিক সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি চুক্তিতে থাকার পরেও স্বাধীনতাপন্থি রাজনৈতিক দলগুলোর নেতৃত্বাধীন কাতালানের আঞ্চলিক সরকার বিক্ষোভে সমর্থন দেয়।

স্প্যানিশ কর্তৃপক্ষ বলেছে, কেন্দ্রীয় সরকার কাতালোনিয়ায় উত্তেজনা হ্রাসে তাদের প্রচেষ্টার অংশ হিসেবে কাতালান রাজধানীতে একটি মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বৃহস্পতিবার রাতে বার্সেলোনায় বৈঠক করার পর প্রধানমন্ত্রী সানচেজ ও কাতালোনিয়ার স্বাধীনতাপন্থি সরকারের প্রধান কুইম টোরা স্পেনের সঙ্গে থাকা নিয়ে সমৃদ্ধশালী এ অঞ্চলের মর্যাদা রক্ষার বিষয়ে সৃষ্ট বিরোধ নিরসনে একটি কার্যকর সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। কিন্তু কাতালানের স্বাধীনতাপন্থি গ্রুপগুলো মন্ত্রিপরিষদের বৈঠককে ইতিবাচকভাবে গ্রহণ করেনি।