বিবিসি ও রয়টার্স
জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানের বরখাস্তকৃত চেয়ারম্যান কার্লোস গোসকে নতুন অভিযোগে আবারও গ্রেফতার করা হয়েছে। আস্থা ভঙের অভিযোগ এনে শুক্রবার নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্য দিয়ে তার জামিনে মুক্তি পাওয়ার আশা ফুরিয়ে গেলো। এর আগে বৃহস্পতিবার প্রথম মামলায় তাকে জামিনের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।
তহবিলের অপব্যবহার ও আট কোটি ডলার আয়ের তথ্য গোপন করার অভিযোগে গত নভেম্বরে টোকিওতে গ্রেফতার হন কার্লোস। তখন থেকে কারাগারেই আছেন তিনি। গ্রেফতার হওয়ার পর নিশান কোম্পানি থেকেও বরখাস্ত করা হয় কার্লোসকে। বৃহস্পতিবার তাকে আটক রাখার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটররা। তবে আদালত তা খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে তার জামিন আবেদন করার সুযোগ তৈরি হয়। তবে তার আগেই শুক্রবার কার্লোসকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে’কে উদ্ধৃত করে বিবিসি জানায়, প্রসিকিউটররা এবার কার্লোস গোসের বিরুদ্ধে ব্যক্তিগত বিনিয়োগজনিত এক কোটি ৬০ লাখ ডলার ক্ষতি নিশান কোম্পানির ওপর চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন। ২০০৮ সালে অর্থনৈতিক সংকট চলার সময় কার্লোস এ কাজ করেন বলে অভিযোগ করেছেন তারা। তবে নতুন অভিযোগের ব্যাপারে এখনও কার্লোসের প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগের মামলায় সব অভিযোগ অস্বীকার করেন তিনি।
দেউলিয়াত্বের দোরগোড়া থেকে নিশানকে তুলে এনেছিলেন কার্লোস গোস। কিন্তু সেই প্রতিষ্ঠানেরই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জাপানের নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের মধ্যে যাদের আয় ১০ কোটি ইয়েনের উপরে তাদেরকে পুরো আয় প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কার্লোস গোস এ নিয়ম না মেনে সম্পদের তথ্য গোপন করেন।