যুক্তরাষ্ট্র সরে গেলেও সিরিয়ায় সেনা মোতায়েন রাখবে ফ্রান্স

রয়টার্স

সিরিয়ায় ইসলামিক স্টেটকে উপড়ে ফেলা যায়নি বলে সেখানে সেনা মোতায়েন রাখবে বলে জানিয়েছে ফ্রান্স।

যুক্তরাষ্ট্র কোনো শর্তে এবং কবে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে তা নিয়ে দেশটির সাথে আলোচনা শুরু করেছে ফ্রান্স। সিরিয়া ও ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানরত মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য ফ্রান্স। উত্তর সিরিয়ায় তাদের বিশেষ বাহিনী আছে।

আগামী শুক্রবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর প্রতিনিধিরা আলোচনার জন্য প্যারিসে যাবে। ফ্রান্স সরকারের একজন কর্মকর্তা বলেন, ডোনাল্ড ট্রাম্প আইএস বিরোধী জোটকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছেন। যুক্তরাষ্ট্র এই জোটের মেরুদণ্ড। ফ্রান্স ইসলামিক স্টেটের ব্যাপারে বিশেষভাবে স্পর্শকাতর। ফ্রান্সে কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক স্টেট। ফ্রান্সের শত শত নাগরিক জঙ্গিগোষ্ঠীটিতে যোগ দিয়েছে।

ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর তাকে নিবৃত্ত করতে ফোন দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এর আগেও যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার না করতে রাজি করিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সিরিয়া থেকে পুরো ২ হাজার সেনা প্রত্যাহার করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এতে বুধবার বিস্ময় প্রকাশ করে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের মতে সিরিয়ায় আইএস পরাজিত হয়েছে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ট্যুইটারে লিখেছেন আইএস’র মূল এখনও উপড়ে ফেলা যায়নি। তিনি বলেন, কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে তুরস্কের হুমকি থেকেও রক্ষা করবে ফ্রান্স।