নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণাকালে দুটি স্থানে দুইটি গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা তার ৬ কর্মী আহত হন। এদিকে সিলেট-৪ আসনের আওয়ামীলীগ প্রার্থী ইমরান আহমদের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কলারোয়ায় নৌকার নির্বাচনী পরিচালনা অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দামুড়হুদায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে মুখোশধারীরা হামলা চালিয়ে স্থানীয় ইউপি সদস্য খাইরুল ইসলাম ও গ্রাম পুলিশ আলকাছ আলীকে কুপিয়ে জখম করেছে। বরিশালে নৌকার নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতার।
নোয়াখালী ঃ নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণাকালে দুটি স্থানে দুইটি গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা তার ৬ কর্মী আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় পর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের উলালের টেক ও ধানশালিকের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জহিরুল ইসলাম শুভ ও আনোয়ারুল ইসলামকে নোয়াখালী জেনারেল হাসপাতালে, মাসুদ ও আরমানকে কবিরহাট এবং অপর দুইজনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ দুই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতে ৫ জনকে গ্রেফতার করে। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরারল হক রায়হান অভিযোগ করে জানান, ৭টার দিকে বাটিয়ার উলালের টেক ও ৬টার দিকে ধানশালিকের হাসপাতাল সড়কে নির্বাচনী প্রচারকালে ব্যারিস্টার মওদুদ আহমদের সমর্থকরা ‘মওদুদ আহমদ ভয় নাই, আমরা ছাড়িনি রাজপথ’ -এ শ্লোগান দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মাইক ও সিএনজি অটোরিকশা ভাংচুর চালায় এবং ৬ কর্মীকে মারধর করে জখম করে। এ হামলার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা এবং থানার ওসিকে জানানো হয়েছে বলে তিনি জানান। কবিরহাট থানার ওসি মির্জা হাসান জানান, এই দুই ঘটনায় আহতরা ৮৩ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা করলে রাতে বাটিয়ার ঘটনায় ১ জন ও ধানশালিকের হামলার ঘটনায় ৪ জনসহ মোট ৫জনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
সিলেটে প্রার্থীর গাড়িবহর লক্ষ্য করে ককটেল
সিলেট ঃ সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামীলীগ প্রার্থী ইমরান আহমদের গাড়িবহর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে উপজেলার স্থানীয় কোওর বাজার এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইমরান আহমদ। তবে তিনি অক্ষত আছেন।
কলারোয়ায় নৌকার নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা
কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় নৌকার নির্বাচনী পরিচালনা অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ওফাপুর মিতালী সংঘের পাশে এ ঘটনা ঘটে। ১২ নং যুগীখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরদার জানান, ঐদিন রাত ১ টার দিকে তারা যে যার বাড়িতে চলে যান। রাত দুইটার দিকে মিতালী সংঘের সাথে সংযুক্ত নির্বাচনী অফিস লক্ষ্য করে জামায়াত-শিবির ও বিএনপির চিহ্নিত ক্যাডাররা পর পর ১৪/১৫ টি বোমা নিক্ষেপ করে। বোমার আগুনে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকালে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান সরদার অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে মামলা করেছেন।
দামুড়হুদায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে কুপিয়ে জখম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ঃ বৃহস্পতিবার রাতে দামুড়হুদার মদনা পার কৃষ্ণপুর গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে মুখোশধারীরা হামলা চালিয়ে স্থানীয় ইউপি সদস্য খাইরুল ইসলাম (৪৮) ও গ্রাম পুলিশ আলকাছ আলীকে (৪৫) কুপিয়ে জখম করেছে। তাদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আগের দিন গভীর রাতে একই উপজেলার নাপিতখালি গ্রামের নৌকার নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে ১০/১২টি চেয়ার ও পোস্টারসহ অফিসটি পুড়িয়ে দিয়েছে। দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বরিশালে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
বরিশাল ঃ বরিশাল-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে ?পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থানার ওসি এ.আর মুকুল জানান, নৌকার প্রার্থীর পক্ষ থেকে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের আবেদ আলী শাহ মাজার সংলগ্ন এলাকায় নৌকার প্রার্থীর নির্বাচনী ওই অফিসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ?পুলিশকে অবহিত করে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাটে আওয়ামী লীগ নির্বাচনী কার্যালয়ে আগুন
বাগেরহাট ঃ বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুর ইউনিয়নের আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সোনাতুনিয়া বাসস্ট্যান্ড এলাকার ওই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে। শুক্রবার সকালে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেন। উজলকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আহাদ শেখ জানান, সোনাতুনিয়া বাসস্ট্যান্ডে উজলকুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয়টি বর্তমানে আওয়ামী লীগের নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার হচ্ছিল।
সীতাকুন্ডে আওয়ামী লীগ নির্বাচনী অফিসে বোমা হামলা
সীতাকুন্ড (চট্টগ্রাম)ঃ সীতাকুন্ডে আওয়ামী লীগের ২টি নির্বাচনী অফিসে বোমা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের গজারিয়া দীঘির পাড়া এলাকার নির্বাচনী অফিসে ও ভুঁইয়াপাড়া রাসেল স্মৃতি সংসদের নির্বাচনী অফিসে কয়েকটি বোমা ফাটায়। তারা চলে যাওয়ার সময় অফিসে থাকা বঙ্গবন্ধুর ছবি, চেয়ার টেবিল ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে সেমিপাকা ঘরের টিন ও ভেতরে থাকা সম্পূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ জানান। পরে থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন ও স্থানীয় এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন। নৌকার প্রার্থী আলহাজ দিদারুল আলম এমপি এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।
ত্রিশালে আওয়ামী লীগ নির্বাচনী ক্যাম্পে আগুন
ত্রিশাল (ময়মনসিংহ)ঃ বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণভাটিপাড়া গ্রামে দড়গাপারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আদমদীঘিতে মহাজোট প্রার্থীর প্রচারণা অফিসে আগুন
আদমদীঘি (বগুড়া)ঃ বগুড়া-৩ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের (লাঙ্গল মার্কা) প্রচারণা অফিস ঘরে গত বৃহস্পতিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরের কিছু অংশ পুড়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।