মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ না দিলে দীর্ঘমেয়াদে সরকার অচল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বিরোধী ডেমোক্র্যাটদের লক্ষ্য করে এই হুমকি দেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার মধ্যরাতের মধ্যেই ব্যয় বরাদ্দ বিল পাস করতে হবে সিনেটে। এই সময়ই বিভিন্ন ফেডারেল এজেন্সির ব্যয় বরাদ্দের মেয়াদ শেষ হবে। খবর রয়টার্সের
বর্তমান বাজেট দিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় চালানো যাবে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ব্যয় সংক্রান্ত একটি বিল পাস হলেও তাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে বৃহস্পতিবার ট্রাম্প ওই বিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। এরপর প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা বাধ্য হয়ে দেয়ালের অর্থ বরাদ্দের নতুন বিল অনুমোদন করেন। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য ৫শ’ কোটি ডলার দাবি করেছিলেন।
বিলটি সিনেটে পাস করাতে অন্তত ৬০ জন ডেমোক্র্যাটের সমর্থন লাগবে। গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক দফায় বিলের পক্ষে টুইট করেন। তিনি সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেলকে ডেকে সরকারের অচলাবস্থা ঠেকাতে বিলটি পাস করানোর আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ডেমোক্র্যাটরা যদি ভোট না দেয় তাহলে দীর্ঘমেয়াদে সরকার অচল হয়ে পড়বে। কারণ জনগন মুক্ত সীমান্ত এবং অপরাধ চায় না। সিনেটে বিলটি প্রত্যাখাত হলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বিচার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়সহ সাতটি বিভাগ অর্থ সংকটে পড়বে।