আদালতের আদেশে ধানের শীষের প্রার্থিতা ফিরে পেলেন মাছুদা

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ধানের শীষের প্রার্থী শূণ্য হয়ে পড়ে বিকল্প প্রার্থীর খোঁজে নেমেছিল বিএনপি। কিন্তু অনেক নাটকীয়তার পর এই আসনে উচ্চ আদালত বিএনপির প্রার্থী হিসেবে মাছুমা মোমিনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে। প্রার্থীতা ফিরে পাওয়ায় বিএনপির নেতাকর্মীরা আবারো উজ্জীবিত হয়ে মাঠে নেমে পড়েছে।

বৃহস্পতিবার হাইকোটের্র বিচারপতি জেবিএম হাসান ও মোঃ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ মাছুদা মোমেনের নামে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাছুদা মোমিনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফেরদৌস আলম আলফা এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাছুদা মোমেনকে একই আসনে ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পাশাপাশি সেখানে তার স্বামী আব্দুল মোমিন তালুকদার খোকা এবং দেবর আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদারকেও মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে উপজেলা পরিষদ চেয়ামর্যান পদ থেকে পদত্যাগ না করায় গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। অন্য দুই প্রার্থীর মধ্যে সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা গত ৯ ডিসেম্বর তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ওই একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে মাছুদা মোমেনকে দলের চুড়ান্ত প্রার্থী জানিয়ে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করেন।

তবে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর হাইকোর্ট মাছুদার দেবর আব্দুল মোহিত তালুকদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়। এরপর বিএনপির পক্ষ থেকেও প্রার্থীতা পরিবর্তন করে আব্দুল মোহিত তালুকদারকে চুড়ান্ত প্রার্থী ঘোষণা করে আবার তাকে ধানের শীষ প্রতীক দিতে বলা হয়। সেই অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোহিত তালুকদারকে ধানের শীষ প্রতীক বরাদ্দও দেন।

তবে আব্দুল মোহিত তালুকদারের প্রার্থীতা বহালের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে শুনানি শেষে গত ১৭ ডিসেম্বর আপিল বিভাগ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন। ফলে আব্দুল মোহিত তালুকদারের প্রার্থীতাও আটকে যায়। এর পর পরই মাছুদা মোমেন তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন।

ঢাকায় অবস্থানরত মাছুদা মোমেন জানান, প্রার্থীতা ফিরে পেয়ে তিনি সন্তুষ্ট। তিনি জানান, এ আসনে ধানের শীষের কোন প্রার্থী ছিল না। আদালতের রায়ের মাধ্যমে সেই শূণ্যতা কেটে গেছে। তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দ পেলেই আমি গণসংযোগে নামবো।’

 মোস্তাফিজুর রহমানকে ধানের

শীষ দিতে হাইকোর্টের নির্দেশ

এদিকে, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, বিএনপির মনোনীত প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ ছালেক চৌধুরীকে বাদ দিয়ে নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানীতে ছিলেন এড. ফারজানা শারমিন পুতুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। ফলে আদালতের নির্দেশ মোতাবেক এখন এ আসন থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবেন নওগাঁ জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।