সাভারে গ্রেফতার প্রতারক সোহেলসহ চারজন একদিনের রিমান্ডে

চাঁদাবাজি, প্রতারণা ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার শীর্ষ চাঁদাবাজ, প্রতারক মফিজুর রহমান সোহেল ও তার তিন সহযোগীকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। সাভার মডেল থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার আসামিদের আদালতে পাঠালে আদালত প্রত্যেকের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার ব্যবসায়ী সাইফুল ইসলামের ভাড়া বাড়িতে প্রবেশ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মফিজসহ ১১ জন প্রতারক। চাঁদা দিতে অস্বীকার করায় নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে তারা তাদের ছবি তোলে এবং ভিডিও করতে থাকে। একপর্যায়ে বাড়ির এক নারীকে লাঞ্ছিত করে তারা। পরে তার চিত্কারে প্রতিবেশীরা ছুটে এসে ৪ প্রতারককে আটক করে। পরে পুলিশ সোহেল এবং তার তিন সহযোগী মবিনুর রহমান রবিন, মোঃ নাজমুল হাসান ও এইচএম আতিককে গ্রেফতার করে।