নির্বাচনী টুকিটাকি

আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি ক্ষমতায় আসলে কোনো লাভ নেই

 ------------------ মুজাহিদুল ইসলাম সেলিম

 কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি ক্ষমতায় আসলে কোনো লাভ নেই। ধানের শীষ ও নাৈকা একটা আপদ আরেকটা বিপদ। দেশে এখন দুইটা গোষ্ঠী হয়ে গেছে- একটা ধানের শীষের গোষ্ঠী আরেকটা নৌকার গোষ্ঠী। খেয়াল করে দেখবেন আবাহনী মোহামেডানে যেভাবে খেলোয়াড় কেনা বেচা হয়, ঠিক তেমনিভাবে আজকে নৌকার লোক হয়ে গেছে ধানের শীষ, আবার ধানের শীষের লোক হয়ে যাচ্ছে নৌকার। কারণ তাদের নীতি আদর্শ বলতে কিছুই নেই। অনেকে বলে বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসা হলো এমপিগিরি ব্যবসা।’ গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া বাজারে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে সিপিবি মনোনীত প্রার্থী মানবেন্দ্র দেবের গণসংযোগ শেষে এক পথ সভায় মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি গাজীপুর-৪ সিপিবি মনোনীত প্রার্থী মানবেন্দ্র দেব, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রুহুল আমীন, সিপিবি জেলা সভাপতি জয়নাল খান, উপজেলা সিপিবি নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পথ সভায় তিনি আরো বলেন, আমাদের ফিরে যেতে হবে মুক্তিযুদ্ধের চার নীতিতে-গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। তিনি বলেন, একটা পদ্মা সেতু শেখ হাসিনা করেছে, আমরা সমস্ত বেআইনী সম্পত্তি বাজেয়াপ্ত করে পদ্মা সেতু’র মতো তিনটা সেতু করে দেব। অর্থনীতির চাকাকে আমরা ঘুরিয়ে দেব।

 

 

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি

প্রার্থী পরিবর্তনে নানা প্রশ্ন

 বাবুল আকতার মঞ্জুর, শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট প্রার্থী নির্ধারণে বিভিন্ন দীর্ঘসূত্রিতার ফলে দলীয় নেতা-কর্মী, ভোটার-সমর্থকসহ সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে ইতিপূর্বে দল নির্ধারিত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য এসএ জিন্নাহ কবিরের পরিবর্তে বৃহস্পতিবার হাইকোর্টের আদেশে জেলা সহ-সভাপতি আব্দুল হামিদ ডাবলুকে প্রার্থী করার নির্দেশ দেওয়া হয়। নির্বাচনের এক সপ্তাহ আগেও প্রার্থী পরিবর্তনের ফলে শেষ নাগাদ কে প্রার্থী হবেন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

এদিকে অপর এক সূত্র জানায়, বিএনপির নেতা-কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে পুলিশ পরিচয়ে নানা হুমকি-ধমকি ও গ্রেফতারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দলীয় নির্বাচনী গণসংযোগে নেতা-কর্মী এলাকায় না থাকায় শেষ পর্যন্ত ভোটের দিন পর্যন্ত কেমন পরিস্থিতি হবে এ নিয়েও নানা কথা হচ্ছে। এছাড়া এ আসনে এএম নাঈমুর রহমান দুর্জয় ( (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক (সিংহ), ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহাজ খোরশেদ আলম (হাতপাখা) ও মুসলিমলীগ প্রার্থী ফারুক হোসেন মাসুম হারিকেন প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ন হয়েছেন। অপরদিকে, এ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা গত ৬ নভেম্বর ঢাকার শাহবাগে সমাবেশ থেকে আটক হয়ে কারাগারে আছেন।

 

 

কাপাসিয়ায় নৌকার পক্ষে গণসংযোগ করলেন ডা. শহীদুল্লাহ সিকদার

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির পক্ষে গতকাল শুক্রবার গণসংযোগ করেছেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা: মো. শহীদুল্লাহ সিকদার। এ সময় তার সাথে ছিলেন গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা এম এ গনি, সাধারণ সম্পাদক আবদুল আলীম, মুক্তিযোদ্ধা আ: আউয়াল, মুক্তিযোদ্ধা শেখ আ: গনিসহ গণতন্ত্রী পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী। এ সময় তিনি বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে তাকে আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে সেই বিজয়কে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে হবে।

 

 

কোনো সন্ত্রাসীর হুমকিতে

আমরা দমে যাব না

সোনারগাঁওয়ের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ‘আগামী ৫ বছর কেমন সোনারগাঁও দেখতে চাই’ এ স্লোগান নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক প্রতিকূল অবস্থা অতিক্রম করে আমরা এখানে এসেছি। তাই কারো ভয়ে, কোনো সন্ত্রাসীর হুমকিতে আমরা দমে যাব না। সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই। ৩০ তারিখ সুষ্ঠু নির্বাচন হবে। প্রশাসন এখন যে অবস্থায় আছে সেভাবেই থাকবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার প্রধান লক্ষ্য সোনারগাঁওয়ের মানুষকে নিরাপত্তা দিতে চাই। সেই লক্ষ্য নিয়েই এবার নির্বাচনে দাঁড়িয়েছি।

 

 

সোনারগাঁওয়ে ঐক্যফ্রন্ট প্রার্থী আজহারুল

ইসলাম মান্নানের গণসংযোগ, পথসভা

 সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা   

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান কয়েক হাজার নেতাকর্মী নিয়ে গতকাল শুক্রবার দিনভর উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। শুক্রবার সকাল থেকে নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর, গোবিন্দপুর, চরপাড়া, মহজমপুর, টিটিবাড়ি, চৌরাপাড়া, ধন্ধিবাজার, শেখকান্দিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে আজহারুল ইসলাম মান্নান বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত সবার জন্য সমান সুযোগ তৈরি করেনি। সারাদেশে বিএনপির প্রার্থীরা হামলার শিকার হচ্ছে অথচ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। যত বাধাই আসুক আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে বিএনপিকে জনগণ ব্যালটের মাধ্যমে বিপুল ভোটে বিজয়ী করবে, এই দুঃশাসনের জবাব  দেবে। গণসংযোগকালে আজহারুল ইসলাম মান্নান ও তার নেতাকর্মীরা প্রতিটি এলাকায় ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে দোয়া চান ও লিফলেট বিতরণ করেন।