এরশাদ সোমবার দেশে ফিরছেন

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ আগামী সোমবার দেশে ফিরতে পারেন। ঢাকা-১৭ আসনে এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী ও ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি গতকাল শুক্রবার সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, চিকিত্সার জন্য গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান এরশাদ।

এদিকে, ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে এরশাদ সরে দাঁড়াতে পারেন— এরকম গুঞ্জনের মধ্যেই গতকাল বিকালে তার পক্ষে এ আসনের ধামালকোট, ভাষানটেক ও ইসিবি চত্বর এলাকায় এসএম ফয়সল চিশতীর নেতৃত্বে জাপার নেতাকর্মীরা প্রচারণা চালায়িছেন। এ সময় ভোটারদের উদ্দেশে চিশতী বলেন, ঢাকা-১৭ আসনে এরশাদের বিকল্প নেই। এই আসনের উন্নয়নের স্বার্থে এরশাদকে ভোট দিন। আশা করি, ৩০ ডিসেম্বর আপনারা এরশাদকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। জাপার ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাঈম, শফিউল্লাহ শফি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শারমিন পারভিন লিজা, কাজী আবুল খায়ের, গুলশান থানা জাপার সভাপতি আবদুল আজিজ খান ও সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বনানী থানা জাপার সাধারণ সম্পাদ মামুনুর রহমান, কেন্দ্রীয় নেত্রী হাসনা হেনা, রুনা পারভিন, নিগার সুলতানা ও কেয়া মাসুদ প্রমুখ প্রচারে অংশ নেন।