ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানা কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ মহাজোটের প্রার্থীর বিজয় মানে শেখ হাসিনার বিজয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মহাজোট প্রার্থীর বিজয় মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। আর শেখ হাসিনা জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ। ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সমর্থনে গতকাল শুক্রবার কদমতলী থানা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় আকাশ ভৌমিক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মনে রাখতে হবে এবারের নির্বাচন শুধু ক্ষমতার জন্য নয়— এই নির্বাচন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন, এই নির্বাচন বর্তমান উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, এই নির্বাচন আগামীতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার নির্বাচন। কোনো অপশক্তি যেন সুযোগ নিতে না পারে সেদিকেও সতর্ক নজর রাখতে হবে।